অ্যাজিউর ক্লাউডের গতি বাড়াতে সহযোগী প্রতিষ্ঠান এটিঅ্যান্ডটির সঙ্গে নতুন চুক্তি করেছে মাইক্রোসফট। চুক্তির আওতায় যুক্তরাষ্ট্রের প্রযুক্তি প্রতিষ্ঠানটি এটিঅ্যান্ডটির ফাইভজি প্রযুক্তি সরঞ্জাম ব্যবহার করবে। খবর টেকটাইমস। বর্তমানে বিভিন্ন মোবাইল অপারেটর পরিষেবা প্রতিষ্ঠান ফাইভজি নেটওয়ার্ক তৈরিতে কাজ করছে। পাশাপাশি মাইক্রোসফটও তাদের অ্যাজিউর ক্লাউডে এ প্রযুক্তি ব্যবহার করতে চায়। ব্লুমবার্গ প্রকাশিত প্রতিবেদনের তথ্যানুযায়ী, নিকটবর্তী অঞ্চলে পরিষেবার গতি বাড়ানোর জন্য মাইক্রোসফট ফাইভজি প্রযুক্তি ও যন্ত্রাংশ ব্যবহার করতে চায়। প্রকাশিত প্রতিবেদনে চুক্তিটি কীভাবে কাজ করবে, সে বিষয়েও তথ্য প্রকাশ করা হয়েছে।
মাইক্রোসফট এরই মধ্যে বিশ্বের বিভিন্ন প্রান্তে ৬০টির বেশি ডাটা সেন্টার স্থাপনের মাধ্যমে নেটওয়ার্ক তৈরি করেছে। এসব নেটওয়ার্কের মাধ্যমে গ্রাহকরা স্টোরেজ ও কম্পিউটিং পাওয়ার ভাড়া করতে পারেন। কয়েক বছর ধরে মাইক্রোসফট গ্রাহকদের জন্য আরো কিছু পরিষেবা চালু করেছে। গ্রাহকরা ক্লায়েন্টের ওয়েবসাইটে থাকা ডিভাইসে কাজ সম্পাদন করতে পারেন।
প্রকাশিত প্রতিবেদনের তথ্যানুযায়ী, নিকটবর্তী অঞ্চলে অবস্থিত গ্রাহকদের অধিক গতির পরিষেবা প্রদানে এটিঅ্যান্ডটির ফাইভজি প্রযুক্তি ও যন্ত্রাংশ ব্যবহার করবে মাইক্রোসফট। প্রতিষ্ঠানটির মিশনস অ্যান্ড টেক বিভাগের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট জেসন জান্ডার বলেন, ফাইভজি খুবই উন্নত একটি প্রযুক্তি। বিশেষ করে ক্লাউড পরিষেবার ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ।


















