আইজিটিভি অ্যাপে আলাদাভাবে সাপোর্ট বন্ধের ঘোষণা দিয়েছে ইনস্টাগ্রাম। এক ব্লগপোস্টে সব ভিডিও মূল অ্যাপে রাখতে কাজ করার বিষয়ে জানিয়েছে মেটা মালিকানাধীন ছবি ও ভিডিও শেয়ারিং প্লাটফর্মটি। খবর দ্য ভার্জ। ব্লগপোস্টে ইনস্টাগ্রাম জানায়, প্লাটফর্মটি স্বতন্ত্র আইজিটিভি অ্যাপ থেকে কার্যক্রম আলাদা করতে চাইছে। বিশেষ করে ব্যবহারকারীরা যেন সহজে ভিডিও খুঁজে পেতে এবং তৈরি করতে পারেন, সেজন্য এ উদ্যোগ নেয়া হয়েছে। পোস্টে আরো বলা হয়, মূল অ্যাপে থাকা ভিডিওতে এখন ফুল-স্ক্রিন ভিউ মোড ও ট্যাপ টু মিউট অপশনও থাকবে। পাশাপাশি ইনস্টাগ্রাম একাধিকভাবে বিভিন্ন ধরনের ভিডিও পোস্ট ও রিলসের মাধ্যমে শেয়ার করার বিষয়েও কাজ করছে।
অন্যদিকে মেটা মালিকানাধীন প্লাটফর্মটি নতুন বিজ্ঞাপন ব্যবস্থা চালুতে কাজ করছে। এর মাধ্যমে কনটেন্ট ক্রিয়েটররা তাদের রিলস ভিডিওতে প্রদর্শিত বিজ্ঞাপন থেকে আয় করতে পারবেন। ২০১৮ সালে স্বতন্ত্র আইজিটিভি অ্যাপের যাত্রা। দীর্ঘমেয়াদে ভার্টিকাল ভিডিও শেয়ার সুবিধা প্রদানের মাধ্যমে প্লাটফর্মটি ইউটিউবের সঙ্গে প্রতিযোগিতা করবে বলে আশা প্রকাশ করেছিলেন সংশ্লিষ্টরা।
এক বছরেরও কম সময় পরে ইনস্টাগ্রামে ব্যাপক হারে আইজিটিভির কনটেন্ট প্রমোশন শুরু হয়। বিশেষ করে মূল ইন্টারফেস, স্টোরিজ ও ফিডে ভিডিওর প্রিভিউ আসা শুরু করে। ২০২০ সালে ব্যবহার কমে যাওয়ায় ইনস্টাগ্রাম মূল অ্যাপ থেকে সরাসরি আইজিটিভির কনটেন্টে নিয়ে যাওয়ার বাটন অপসারণ করে। সব শেষ গত বছর এক ঘোষণায় প্লাটফর্মটি আইজিটিভিকে ইনস্টাগ্রাম টিভি নাম দেয়।