ঢাকা, রবিবার, ৫ এপ্রিল ২০২৬, ৭:০৩ অপরাহ্ন

এবার আসছে এমওয়ান প্রসেসরসহ অ্যাপলের এআর হেডসেট

নতুন অগমেন্টেড রিয়েলিটি (এআর) ডিভাইস নিয়ে অ্যাপলের কাজ শুরুর বিষয়ে গুঞ্জন আগেই উঠেছে। আলাদা অপারেটিং সিস্টেমও তৈরি করা হচ্ছে। সম্প্রতি প্রকাশিত প্রতিবেদনের তথ্যানুযায়ী, হেডসেটটিতে এমওয়ান চিপ ও মাইক্রো ওলেড ডিসপ্লে ব্যবহার করবে অ্যাপল। খবর গিজমোচায়না।

সরবরাহ চেইনের বিকাশের সঙ্গে সম্পৃক্ত সূত্রগুলো বলছে, অ্যাপল এআর হেডসেট প্রি-প্রডাকশনের দ্বিতীয় পর্যায়ে প্রবেশ করতে যাচ্ছে। এর আগে বিশ্লেষক মিং চি কু জানিয়েছিলেন, কুপারটিনোভিত্তিক প্রযুক্তি জায়ান্টটি তাদের নতুন হেডসেটে ম্যাকবুকের সমপরিমাণ কার্যক্ষমতা দেবে। বিশেষ করে অন্যান্য প্রতিষ্ঠানের তুলনায় হেডসেটের চিপ ডিজাইনে পরিবর্তন আনার মাধ্যমে এটি সম্ভব হয়েছে।

অ্যাপলের নতুন অগমেন্টেড বা ভার্চুয়াল রিয়েলিটি হেডসেটটি কবে নাগাদ বাজারে উন্মুক্ত করা হবে, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানা যায়নি। তবে প্রতিবেদনে বলা হচ্ছে, চলতি বছরের চতুর্থ প্রান্তিকে ডিভাইসটি বাজারে আনা হতে পারে। অ্যাপলের পাশাপাশি দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি জায়ান্ট স্যামসাংও তাদের প্রথম এআর হেডসেট তৈরিতে কাজ করছে বলে জানা গেছে। এ লক্ষ্যে প্রতিষ্ঠানটি একটি টাস্কফোর্স গঠন করেছে। যারা পরবর্তী প্রজন্মের এআর হেডসেট তৈরিতে মাইক্রোসফটের সঙ্গে কাজ করবে।

স্যামসাংয়ের অগমেন্টেড রিয়েলিটি হেডসেটে হলোগ্রাম প্রযুক্তি ব্যবহার করা হবে এবং স্যামসাং অ্যাডভান্সড ইনস্টিটিউট অব টেকনোলজিতে দীর্ঘ সময় ধরে এর উন্নয়ন করা হয়েছে। হেডসেটটিতে এক্সিনোজ প্রসেসর ও গুগলেরু অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ব্যবহার করা হবে বলে সূত্রে জানা গেছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ