আন্তর্জাতিক বাজারে দাম বাড়ায় বাংলাদেশেও নিত্যপণ্যের দাম বেড়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেন, বিশ্ববাজারে পণ্যের দাম বেড়ে যাওয়ায় দেশের বাজারে দাম বাড়ছে তেল, ডাল ও চিনির। তবে কমেছে কৃষিপণ্যের দাম। ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষক।
বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে সৈয়দপুর বিমানবন্দরে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক এয়ার লাউঞ্জের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী আরও বলেন, নিত্যপণ্যের দাম বাড়ায় ট্রেডিং করপোরেশনের মাধ্যমে (টিসিবি) দ্রব্যমূল্যের লাগাম টানতে সরকার ভর্তুকি দিচ্ছে। রমজান মাস সামনে রেখে প্রধানমন্ত্রীর নির্দেশে টিসিবির পণ্য ৫০ লাখ মানুষকে সরবরাহের সক্ষমতা বাড়িয়ে ১ কোটি মানুষকে দেওয়া হবে।
এ সময় নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য আহসান আদেলুর রহমান আদেল, পুলিশ সুপার মোখলেছুর রহমান, নীলফামারী পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগ সভাপতি দেওয়ান কামাল আহমেদ উপস্থিত ছিলেন।