ঢাকা, সোমবার, ৬ এপ্রিল ২০২৬, ১:৪৯ অপরাহ্ন

বিন্নী গার্মেন্টসের শ্রমিকদের শ্রম ও কল্যাণ মন্ত্রণালয়ের ২৫ লাখ টাকা সহায়তা

কার্যক্রম বন্ধ হয়ে যাওয়া বিজিএমইএর সদস্যভুক্ত বিন্নী গার্মেন্টসের শ্রমিক-কর্মচারীদের জন্য ২৫ লাখ টাকা সহায়তা দেয়া হয়েছে। গার্মেন্টসটির বকেয়া বেতন-ভাতাদি পরিশোধের জন্য শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন কেন্দ্রীয় তহবিল থেকে আপতকালীন সহায়তা হিসেবে এ অর্থ দেয়া হয়।

সম্প্রতি রাজধানীর একটি হোটেলে ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদের (টিসিসি) ৬৯তম সভার প্রাক্কালে শ্রম প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান বিজিএমইএ এবং বিকেএমইএ নেতাদের হাতে আপত্কালীন সহায়তার ২৫ লাখ টাকার চেক তুলে দেন।

চেক প্রদান অনুষ্ঠানে সংসদ সদস্য এবং বিকেএমইএর সভাপতি সেলিম ওসমান, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. এহছানে এলাহী, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক মো. নাসির উদ্দীন আহমেদ, বিজিএমইএর পরিচালক এএনএম সাইফুদ্দিন, জাতীয় শ্রমিক লীগের সভাপতি নুর কুতুব আলম মান্নানসহ শ্রম মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং বিভিন্ন মালিক-শ্রমিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

সভায় জানানো হয়, ঢাকার কমলাপুরে অবস্থিত বিন্নী গার্মেন্টসের ব্যবস্থাপনা পরিচালকের করোনায় মৃত্যুর কারণে গত বছর ১৬ জুন কারখানাটি স্থায়ীভাবে বন্ধ করা হয়। কারখানা বন্ধ হওয়ার সময় শ্রমিক-কর্মচারীদের বকেয়া বেতন-ভাতার পরিমাণ দাঁড়ায় ১ কোটি ৪ লাখ টাকা। পরবর্তী সময়ে কারখানার মালিক-শ্রমিক, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, বিজিএমইএ নেতাদের সমঝোতা বৈঠকের মাধ্যমে মেশিন-যন্ত্রপাতি বিক্রি করে মালিকপক্ষ ৭৯ লাখ টাকা পরিশোধ করেন। এ সহায়তা থেকে অবশিষ্ট ২৫ লাখ বকেয়া পাওনা মালিকপক্ষ পরিশোধ করবেন।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ