ঢাকা, সোমবার, ৬ এপ্রিল ২০২৬, ১:৫০ অপরাহ্ন

৩০ হাজার কোটি টাকা ব্যয় বেড়েছে স্বাস্থ্য-পুষ্টির কর্মসূচিতে

করোনা মহামারি মোকাবিলায় জনগণের স্বাস্থ্যসেবা ও পুষ্টি নিশ্চিতে চলমান একটি কর্মসূচিতে ব্যয় বাড়ানো হয়েছে। একই সঙ্গে বেড়েছে এর মেয়াদ।

কর্মসূচির নাম- ‘চতুর্থ স্বাস্থ্য, জনসংখ্যা ও পুষ্টি সেক্টর কর্মসূচি (চতুর্থ এইচপিএনএসপি)’ । বর্তমানে এর ব্যয় বাড়ানো হয়েছে ৩০ হাজার ৪৪৯ কোটি টাকা। ফলে ব্যয় বেড়ে এক লাখ ৪৫ হাজার ৯৩৫ কোটি টাকা হয়েছে।

এর আগে ২০১৭ সালে এক লাখ ১৫ হাজার ৪৮৬ কোটি টাকা ব্যয়ের এ কর্মসূচি অনুমোদন দেওয়া হয়েছিল।

মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এই কর্মসূচি সংশোধনের প্রস্তাব অনুমোদন পায়। রাজধানীর শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কেন্দ্রে হয় এ সভা। এতে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৈঠক শেষে সাংবাদিকদের প্রকল্পের বিষয়ে ব্রিফিং করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

তিনি বলেন, কোভিড-১৯ এর কারণে এই খাতে নতুন করে কার্যক্রম গ্রহণ করতে হয়েছে। এছাড়া মিয়ানমার থেকে বিতাড়িত রোহিঙ্গা জনগোষ্ঠীসহ কক্সবাজার জেলার স্থানীয় জনগোষ্ঠীদের স্বাস্থ্য, জনসংখ্যা ও পুষ্টি সেবাদান এ কর্মসূচিতে যোগ হয়েছে। একই সঙ্গে কর্মসূচির আওতায় ১৭টি ‘অপারেশনাল প্ল্যান (ওপি)’ বাস্তবায়িত হচ্ছে।

স্বাস্থ্য খাতের এ কর্মসূচির লক্ষ্য সেবা, স্বাস্থ্য খাতের প্রাতিষ্ঠানিক উন্নয়ন, সুশাসন ও শৃঙ্খলা নিশ্চিত করা, পুষ্টি সেবা প্রাপ্তিতে সমতা নিশ্চিত করা।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ