করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে। দ্রুত গতিতে ছড়িয়ে পড়া ভাইরাসের এই রূপ নিয়ে বিশেষজ্ঞরাও চালিয়ে যাচ্ছেন নানা গবেষণা।
করোনার এই নতুন রূপ ডেল্টার তুলনায় কম সক্রিয় হলেও অনেক বেশি সংক্রামক বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। তবে এর উপসর্গ আগের চেয়ে অনেকটাই মৃদু।
সম্প্রতি এক গবেষণায় উঠে এসেছে, মডার্নার তৈরি বুস্টার ডোজ বানরের শরীরে যে ধরনের রোগ প্রতিরোধব্যবস্থা তৈরি করে, ঠিক একই ধরনের রোগ প্রতিরোধব্যবস্থা তৈরি করে করোনার সাধারণ টিকাও।
মার্কিন গণমাধ্যম ওয়াশিংটন পোস্টের খবরে বলা হয়েছে, এ গবেষণা থেকে এই ইঙ্গিত পাওয়া যাচ্ছে, ওমিক্রনের জন্য আলাদাভাবে টিকার বুস্টার ডোজের প্রয়োজন নেই।
গত সপ্তাহে মানবদেহে ওমিক্রনের জন্য তৈরি বুস্টার ডোজের পরীক্ষা চালিয়েছে ফাইজার-বায়োএনটেক ও মডার্না। এরপর এমন তথ্য জানালেন গবেষকেরা; যদিও গবেষণাটি এখনো প্রকাশিত হয়নি।



















