ঢাকা, সোমবার, ৬ এপ্রিল ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন

হাজার কোটি টাকায় নিউজিল্যান্ড থেকে এক কার্গো এলএনজি কিনছে বাংলাদেশ

দেশে দিন দিন গ্যাসের ব্যবহার বেড়েই চলছে। এর ফলে বাড়ছে চাহিদাও। কিন্তু চাহিদা অনুযায়ী উৎপাদন বাড়ানো সম্ভব হচ্ছে না। গ্যাসের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে এক কার্গো (৩৩ লাখ ৬০ হাজার এমএমবিটিইউ) তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির উদ্যোগ নিয়েছে সরকার। প্রতি এমএমবিটিইউ এলএনজির দাম ২৯ দশমিক ৭৭ ডলার। সে হিসেবে বাংলাদেশি মুদ্রায় মোট ব্যয় হবে ১ হাজার ৭ কোটি ৫ লাখ ৮৮ হাজার ৪৫৫ টাকা। নিউজিল্যান্ডের প্রতিষ্ঠান মেসার্স টোটালএনার্জিস গ্যাস অ্যান্ড পাওয়ার লিমিটেড এসব এলএনজি সরবরাহ করবে।

বাংলাদেশের ক্রমবর্ধমান গ্যাসের চাহিদা পূরণের জন্য কাতারগ্যাস এবং ওমান ট্রেডিং ইন্টারন্যাশনালের (ওকিউটি) সঙ্গে দুটি দীর্ঘমেয়াদী চুক্তির মাধ্যমে এলএনজি আমদানির পাশাপাশি স্পট মার্কেট থেকেও এলএনজি কেনা হচ্ছে। স্পট মার্কেট থেকে এলএনজি কেনার লক্ষ্যে মাস্টার সেল অ্যান্ড পারচেজ অ্যাগ্রিমেন্ট (এমএসপিএ) প্রস্তুত করে লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের ভেটিং নেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে এমএসপিএ চূড়ান্ত করা হয়। পরে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির নীতিগত অনুমোদনের ভিত্তিতে পেট্রোবাংলা ১৬টি প্রতিষ্ঠানের সঙ্গে এমএসপিএ স্বাক্ষর করে।

দেশে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের লক্ষ্যে স্পট মার্কেট থেকে ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে দুই কার্গো এলএনজি সংগ্রহের জন্য বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) নীতিগত অনুমোদন দেন।

সূত্র জানায়, করোনা পরিস্থিতির কারণে সরাসরি অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে না নিয়ে এলএনজি স্পট পারচেজ (এলএসপি) সফটওয়্যারের মাধ্যমে দরপত্র নেওয়া হয়। ২০২২ সালে স্পট মার্কেট থেকে এলএনজি কেনার জন্য ওই সফটওয়্যারে দরপ্রস্তাব আহ্বান করা হয়। প্রাপ্ত দরপ্রস্তাবগুলো কারিগরি ও আর্থিকভাবে নন-রেসপন্সিভ হওয়ায় ২০২২ সালের জানুয়ারি মাসের জন্য অনুমোদিত এক কার্গো এলএনজি আমদানি করা সম্ভব হয়নি। ২০২১ সালে স্পট মার্কেট থেকে এলএনজি কেনার জন্য ওই সফটওয়্যারের মাধ্যমে ২১টি দরপ্রস্তাব আহ্বান করা হয়। তার মধ্যে ১৬ কার্গো এলএনজি কেনার জন্য সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অনুমোদন নেওয়া হয়েছে।

২০২২ সালের ফেব্রুয়ারি মাসে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের জন্য স্পট মার্কেট থেকে কমপক্ষে এক কার্গো এলএনজি কেনা প্রয়োজন। ১৩ জানুয়ারি আরপিজিসিএল থেকে এমএসপিএ স্বাক্ষরকারী ১৬টি প্রতিষ্ঠানের কাছে ২০২২ সালের জন্য স্পট ভিত্তিতে এক কার্গো এলএনজি সরবরাহের দরপ্রস্তাব আহ্বান করে ই-মেইল পাঠানো হয়। দরপত্র পাঠানোর শেষ সময় ছিল ২৩ জানুয়ারি।

এ সময়ের মধ্যে দরপ্রস্তাব গ্রহণকারী কমিটি তিনটি প্রতিষ্ঠানের নাম উল্লেখ করে প্রতিবেদন দরপত্র মূল্যায়ন কমিটির কাছে পাঠায়। দরপত্র মূল্যায়ন কমিটি সুপারিশসম্বলিত প্রতিবেদন প্রস্তাব প্রক্রিয়াকরণ কমিটির (পিপিসি) কাছে দাখিল করে। ওই প্রতিবেদনে দেখা যায়, টোটালএনার্জিস গ্যাস অ্যান্ড পাওয়ার লিমিটেড প্রতি এমএমবিটিইউ গ্যাসের দাম ২৯ দশমিক ৭৭ মার্কিন ডলার উল্লেখ করে সর্বনিম্ন দরদাতা হয়েছে। প্রস্তাব প্রক্রিয়াকরণ কমিটির ২৪ জানুয়ারির সভায় টোটালএনার্জিস গ্যাস অ্যান্ড পাওয়ার লিমিটেডের প্রস্তাবিত দর গ্রহণ এবং ক্রয়প্রস্তাব সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে পাঠানোর সুপারিশ করা হয়।

প্রস্তাবটি অনুমোদনের জন্য অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠেয় সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির পরবর্তী সভায় উপস্থাপন করা হবে বলে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ সূত্রে জানা গেছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ