ভিডিও পরিষেবায় নতুন দুটি ফিচার আনার ঘোষণা দিয়েছে মেটা মালিকানাধীন ইনস্টাগ্রাম। এর একটি হচ্ছে রিমিক্স ফিচার। বর্তমানে রিলসেই ফিচারটি ব্যবহার করা যায়। তবে এর পরিধি বাড়নোর উদ্যোগ নিয়েছে প্লাটফর্মটি। খবর টেকরাডার।
বড় পরিবর্তনের অংশ হিসেবে ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের সব ধরনের কনটেন্ট রিমিক্সের সুবিধা দিতে যাচ্ছে। এক্ষেত্রে সেগুলো রিলসের অন্তর্ভুক্ত নাকি, সেটি মুখ্য হবে না। প্লাটফর্মটি জানায়, রিমিক্সের ক্ষেত্রে ব্যবহারকারীদের আগ্রহের পরিপ্রেক্ষিতে পরিধি বাড়ানোর উদ্যোগ নেয়া হয়েছে। রিমিক্সিংয়ের ক্ষেত্রে ব্যবহারকারীরা ভিডিও ইফেক্টস, অডিও, ভয়েসওভারসহ বিভিন্ন সৃজনশীল টুল ব্যবহারের সুযোগ পান।
রিমিক্স ফিচারের পরিধি বাড়ানোর মাধ্যমে এটি কনটেন্ট নির্মাতাদের নতুন উদ্ভাবনের সুযোগ দেবে এবং অন্য নির্মাতাদের সঙ্গে সম্মিলিতভাবে কাজ করার সুবিধা দেবে বলে প্রতিষ্ঠান সূত্রে জানা যায়। সব ভিডিওতে রিমিক্স ফিচার ব্যবহারের কথা বলা হলেও এখানে একটি কিন্তু রয়েছে। শুধু নতুন ভিডিওতে রিমিক্স ফিচার ব্যবহার করা যাবে। এক বার্তায় প্লাটফর্মটি জানায়, রিমিক্স ফিচার কার্যকরের আগে যেসব ভিডিও আপলোড করা হয়েছে সেগুলোয় এটি ব্যবহার করা যাবে না।
ফিচারটি ব্যবহারের পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানিয়েছে প্লাটফর্মটি। প্রথমে ইনস্টাগ্রামে থাকা নতুন যেকোনো পাবলিক ভিডিও নির্বাচন করতে হবে। এরপর ডান দিকের ওপরে থাকা থ্রি ডট মেনু থেকে রিমিক্স দিজ ভিডিও অপশন ক্লিক করতে হবে। এরপর রেকর্ড বা আপলোড বাটন চেপে ভিডিওটি আপলোড করা যাবে। এরপর রিলসহ সব জায়গায় ভিডিওটি দেখা যাবে।