ঢাকা, বুধবার, ১ এপ্রিল ২০২৬, ৯:০৪ পূর্বাহ্ন

মিয়ানমারে ওয়েভ মানির শেয়ার বিক্রি করে দিচ্ছে টেলিনর

মিয়ানমারভিত্তিক ডিজিটাল মানি মিয়ানমার লিমিটেড বা ওয়েভ মানিতে থাকা ৫১ শতাংশ শেয়ার বিক্রির সিদ্ধান্ত নিয়েছে টেলিনর। ইওমা স্ট্র্যাটেজিকের সাবসিডিয়ারি প্রতিষ্ঠান ইওমা এমএফএস হোল্ডিংসের কাছে ৫ কোটি ৩০ লাখ ডলারে ওই শেয়ার বিক্রি করছে নরওয়েভিত্তিক গ্রুপটি। টেলিনরের নিজস্ব ওয়েবসাইটে শেয়ার করা এক সংবাদ বিবৃতিতে এ তথ্য নিশ্চিত হয়েছে।

টেলিনরের শেয়ার ক্রয়ের আগে ওয়েভ মানির ৪৪ শতাংশ শেয়ার ছিল ইওমা এমএফএস হোল্ডিংসের। টেলিনরের শেয়ার বুঝে পেলে কোম্পানির সিংহভাগ শেয়ার নিজেদের করে নেবে সিঙ্গাপুর শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিটি।

লেনদেন সম্পন্ন হলে ওয়েভ মানিতে সর্বোচ্চ শেয়ারহোল্ডার হবে সিঙ্গাপুরভিত্তিক ইওমা স্ট্র্যাটেজিক। টেলিনরে প্রস্থানে মিয়ানমারের ফিনটেক খাতে ইওমার অবস্থান শক্তিশালী হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

অর্থ লেনদেন ও ডিজিটাল পেমেন্ট সেবায় শীর্ষ প্রতিষ্ঠান ওয়েভ মানি। ইওমা ব্যাংক ও টেলিনর গ্রুপের যৌথ উদ্যোগে ২০১৬ সালের নভেম্বরে যাত্রা করেছিল এ ফিনটেক সেবাটি।

ইওমা স্ট্র্যাটেজিকের সিইও মেলভিন পান জানান, মিয়ানমারে আমরা দীর্ঘমেয়াদে যে শক্তিশালী ফিনটেক ইকোসিস্টেম তৈরি করতে চাই, এ অধিগ্রহণের মাধ্যমে তা আরো দৃঢ় হলো। দেশটির অর্থনীতিতে বিশেষ করে আর্থিক সেবায় উল্লেখযোগ্য ডিজিটালাইজেশন হয়েছে। মিয়ানমারের মানুষের জীবন ইতিবাচক রূপান্তরে এবং গণমানুষকে আর্থিক সেবার আওতায় আনতে ওয়েভ মানির ভূমিকায় আমরা আনন্দিত।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ