আলোচিত ‘বঙ্গবন্ধু’ সিনেমায় থাকছে একটিমাত্র মৌলিক গান। সেটি লিখেছেন জাহিদ আকবর। তার কথামালায় সাজানো ‘অচিন মাঝি’ শিরোনামের গানটিতে কণ্ঠ দিয়েছেন বলিউডের জনপ্রিয় সংগীত পরিচালক ও গায়ক শান্তনু মৈত্র।
বিষয়টি নিশ্চিত করে জাহিদ আকবর বলেন, ‘এটি একটি স্বপ্নের মতো ব্যাপার। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে ঐতিহাসিক বায়োপিকের অংশ হতে পেরে ভালো লাগছে। আমাকে এই সুযোগ দেয়ার জন্য সিনেমার সঙ্গে জড়িত সবার প্রতি কৃতজ্ঞতা জানাই।
বিশেষভাবে বাংলাদেশের পক্ষ থেকে সিনেমাটির লাইন প্রডিউসার হিসেবে কাজ করা মোহাম্মদ জেমী ভাই ও সিনিয়র চলচ্চিত্র সাংবাদিক সৈকত সালাহউদ্দিন ভাইকে অনেক ধন্যবাদ। আশ করছি গানটি সবার কাছে উপভোগ্য হবে।’
বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় ‘বঙ্গবন্ধু’ সিনেমাটি নির্মাণ করছেন বলিউডের শ্যমি বেনেগাল। এ ছবিতে শেখ মুজিবুর রহমানের চরিত্রে অভিনয় করেছেন ঢালিউডের ‘মাসলম্যান’খ্যাত অভিনেতা আরিফিন শুভ।