উইন্টার এডিশন লঞ্চ ইভেন্টে ৯ সিরিজের নতুন স্মার্টফোন নিয়ে এসেছে ওয়ানপ্লাস। চীনের বাজারে ওয়ানপ্লাস ১০ স্মার্টফোন উন্মোচনের পর পরই স্পেস কুলিং প্রযুক্তি ও ট্রিপল রিয়ার ক্যামেরার স্মার্টফোনটি উন্মুক্ত করা হলো।
নতুন ওয়ানপ্লাস ৯আরটি স্মার্টফোনের অপারেটিং সিস্টেম হিসেবে অ্যান্ড্রয়েড ১১ ও ইউজার ইন্টারফেসে অক্সিজেন ওএস দেয়া হয়েছে। এতে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮৮৮ প্রসেসর, ১২ জিবি এলপিডিডিআর৪ র্যাম ও ২৫৬ জিবি বিল্ট ইন ইউএফএস ৩.১ স্টোরেজ দেয়া হয়েছে। ভ্যানিলা ওয়ানপ্লাস ৯-এর মতো ৯আরটিতে দ্রুত তাপমাত্রা হ্রাসে ও কর্মক্ষমতা বাড়াতে স্পেস কুলিং প্রযুক্তির পাশাপাশি বড় আকৃতির হিট সিংক দেয়া হয়েছে বলে প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে।
ওয়ানপ্লাস ৯আরটিতে ৬ দশমিক ৬২ ইঞ্চির ১০৮০–২৪০০ পিক্সেলের ফুল এইচডি প্লাস স্যামসাং ই৪ অ্যামোলেড ডিসপ্লে দেয়া হয়েছে। যার সর্বোচ্চ উজ্জ্বলতা ১৩০০ নিটস পিক এবং রিফ্রেশ রেট ১২০ হার্টজ। ওয়ানপ্লাসের তথ্যানুযায়ী, স্মার্টফোনের ডিসপ্লেতে ১৩০০ হার্টজের টাচ স্যাম্পলিং রেট, শতভাগ ডিসিআই পিথ্রি কালার গ্যামট কভারেজ রয়েছে। ডিসপ্লেটি এইচডিআর১০প্লাস সাপোর্ট ফিচারসংবলিত। পাশাপাশি এতে এসআরজিবি ও ডিসিআই পিথ্রি কালার মোড সাপোর্ট করে।
ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপের স্মার্টফোনটিতে প্রথমেই সনির আইএমএক্স৭৬৬ সেন্সরযুক্ত ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা রয়েছে। এতে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (ওআইএস) ও ইলেকট্রনিক ইমেজ স্ট্যাবিলাইজেশন ফিচার রয়েছে। এর মাধ্যমে প্রতি সেকেন্ডে ৬০ ফ্রেমে ফোরকে ভিডিও ধারণ সম্ভব। এরপর ১৬ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড ক্যামেরা রয়েছে। যার ফিল্ড অব ভিউ ১২৩ ডিগ্রি। এছাড়া ম্যাক্রো ফটোগ্রাফির জন্য ২ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য সম্মুখে ১৬ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে।
নতুন স্মার্টফোনটিতে ৪ হাজার ৫০০ মিলি অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারির সঙ্গে প্রতিষ্ঠানটির ৬৫টি র্যাপ চার্জ প্রযুক্তিসংবলিত ৬৫ ওয়াটের ফাস্ট চার্জিং ফিচারও দেয়া হয়েছে। ৯আরটিতে ফাইভজি, ফোরজি এলটিই, ওয়াই-ফাই ৬, ব্লুটুথ ৫.২, জিপিএস/এ-জিপিএস ও এনএফসি ফিচারও রয়েছে। হ্যাকার ব্ল্যাক ও ন্যানো সিলভার রঙে স্মার্টফোনটি পাওয়া যাবে। ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি রম ভ্যারিয়েন্টের দাম ৪২ হাজার ৯৯৯ রুপি এবং ১২ জিবি র্যাম ও ২৫৬ জিবি রম ভ্যারিয়েন্টের মূল্য ৪৬ হাজার ৯৯৯ রুপি।



















