২০২১ সালে হুয়াওয়ের আয় আগের বছরের তুলনায় প্রায় এক-তৃতীয়াংশ কমেছে। মার্কিন নিষেধাজ্ঞায় চীনা প্রযুক্তি জায়ান্টটির স্মার্টফোন বিক্রি তলানিতে গিয়ে ঠেকায় তাদের আয়ে বড় ধরনের এই পতন হলো। খবর দ্য গার্ডিয়ান।
বছরের শেষ দিন কর্মীদের নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে হুয়াওয়ের চেয়ারম্যান গিয়ু পিং জানান, ২০২১ সালে কোম্পানির আয় আগের বছরের তুলনায় ২৯ শতাংশ কমে দাঁড়ায় ৬৩ হাজার ৪০০ কোটি ইউয়ান বা ৯ হাজার ৯৫০ কোটি ডলারে।
ব্যবসায় এ টানাটানি নিয়েই ২০২২ সাল শুরু করতে যাচ্ছে হুয়াওয়ে। সেখান থেকে উত্তরণের পথ কী হতে পারে, সেটাও কর্মীদের লিখেছেন গিয়ু।
নতুন বছরের বার্তায় গিয়ু জানান, সব মিলিয়ে কোম্পানির কার্যক্রমে তিনি সন্তুষ্ট। তবে নতুন বছরেও যে নানা চ্যালেঞ্জ থাকবে, সে বিষয়ে তার সন্দেহ নেই। ব্যবসার অনিশ্চিত পরিবেশ, প্রযুক্তির রাজনীতিকরণ ও ক্রমবর্ধমান বিশ্বায়নবিমুখ আন্দোলন বড় চ্যালেঞ্জ নিয়ে আসছে।
হুয়াওয়েকে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য ‘হুমকি’ আখ্যা দিয়ে ২০১৯ সালে এ চীনা কোম্পানির ওপর বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপ করে তখনকার ডোনাল্ড ট্রাম্প সরকার। তার ফলে হুয়াওয়ের স্মার্টফোনে মার্কিন কোম্পানি অ্যালফাবেটের অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড ব্যবহারের সুযোগ বন্ধ হয়ে যায়। স্বাভাবিকভাবেই বাজার হারাতে থাকে হুয়াওয়ের ফোন।

বাণিজ্য নিষেধাজ্ঞার পর করোনাভাইরাস মহামারীও বড় ধাক্কা দিয়েছে হুয়াওয়ের ব্যবসায়। নিজেদের বিশাল বাজারেও আর সুবিধা করে উঠতে পারেনি তারা।


















