ঢাকা, বুধবার, ১ এপ্রিল ২০২৬, ৫:৫৪ পূর্বাহ্ন

অনলাইনে আইফোন অর্ডার করে পেলেন চকলেট

বিগত কয়েক বছর ধরে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে অনলাইন কেনাকাটা। মান ঠিক রেখে সময় মতো গ্রাহকের কাছে পণ্য পৌঁছে দেওয়া এই জনপ্রিয়তার অন্যতম কারণ। এরপরও অনলাইনে কেনাকাটা করতে গিয়ে ঠকছেন অনেক মানুষ।

অনলাইনে ফোন অর্ডার করে তার বদলে চকোলেট পেয়েছেন ইংল্যান্ডের লিডসের বাসিন্দা ড্যানিয়েল ক্যারল। গত ২ ডিসেম্বর মোবাইল প্রস্ততকারক সংস্থা অ্যাপেলের নিজস্ব ওয়েবসাইটে একটি আইফোন ১৩ অর্ডার করেন তিনি। ফোনটির বর্তমান বাজার মূল্য প্রায় এক লাখ টাকা। পণ্য সরবরাহকারী সংস্থা ডিএইচএল ১৭ ডিসেম্বরের মধ্যে সেই মোবাইল ড্যানিয়েলের বাড়ি পৌঁছে দেবে বলে জানিয়েছিল।

প্রায় দুই সপ্তাহ পর গত শুক্রবার পর্যন্ত সেই ফোন হাতে না পেয়ে ড্যানিয়েল ডিএইচএলের ওয়ারহাউজ থেকে মোবাইলটি ডেলিভারি নেওয়ার সিদ্ধান্ত নেন। বিষয়টি তিনি সংস্থাটির ওয়েবসাইটে জানালে তাকে শনিবার আসতে বলা হয়।

ডিএইচএলের গুদাম থেকে মোবাইলটি নেওয়ার পর তার প্যাকিংয়ের গুণগত মান নিয়ে ড্যানিয়েলের মনে সন্দেহ তৈরি হয়। তড়িঘড়ি বাক্সটি খুলতেই তার চোখ কপালে! মোবাইলের বদলে বাক্সের ভেতরে রাখা আছে দুটি চকোলেট। তাও আবার টয়লেট পেপারে মোড়ানো।

ঘটনাটি বিস্তারিত জানিয়ে টুইটারে পোস্ট করেন ড্যানিয়েল। পোস্টে সরবরাহকারী সংস্থা ডিএইচএলকেও ট্যাগ করা হয়। সংস্থার তরফ থেকে ড্যানিয়েলকে জানানো হয় যে তারা ঘটনাটির অন্তর্বর্তী তদন্ত শুরু করেছে। ড্যানিয়েলকে যাতে চকোলেটের পরিবর্তে মোবাইলটি পৌঁছে দেওয়া যায় সেজন্য অ্যাপেলের সঙ্গেও যোগাযোগ রাখছে বলে জানিয়েছে ডিএইচএল।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ