ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. মাহবুব-উল-আলমকে বেসরকারি সোশ্যাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান করা হয়েছে। এছাড়া ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী (সিইও) হিসেবে নিয়োগ পেয়েছেন জাফর আলম।
মঙ্গলবার (২১ ডিসেম্বর) এসআইবিএল’র পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
মাহবুব-উল-আলম মঙ্গলবার (২১ ডিসেম্বর) সোশ্যাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে যোগদান করেছেন। এর আগে তিনি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগ থেকে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি এবং ফ্রান্সের ইউরোপিয়ান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে ব্যাংকিংয়ে প্রফেশনাল ডক্টরাল সার্টিফিকেট লাভ করেন। পেশাগত বিভিন্ন প্রশিক্ষণ ও রেমিট্যান্স মার্কেটিংয়ের জন্য তিনি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, জার্মান, সিঙ্গাপুর, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশ সফর করেন।
এদিকে সোশ্যাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী হিসেবে যোগদান করেছেন জাফর আলম। তিনি ইতোপূর্বে বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সোশ্যাল ইসলামী ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।
তিনি ইসলামী ব্যাংক ট্রেনিং অ্যান্ড রিসার্চ অ্যাকাডেমি (আইবিটিআরএ) থেকে ইসলামিক ব্যাংকিংয়ে ডিপ্লোমা (ডিআইবি) সনদপ্রাপ্ত জাফর আলম দীর্ঘ কর্মজীবনে ব্যবসায়িক পরিকল্পনা, গ্রাহকসেবার মানোন্নয়ন, বিক্রয় ও বিপণন, আন্তর্জাতিক বাণিজ্য, প্রযুক্তির অগ্রগতি ও বিনিয়োগসহ বিভিন্ন বিষয়ে কর্মশালা ও সেমিনারে অংশগ্রহণ করেন। তিনি প্রশিক্ষণ ও পেশাগত প্রয়োজনে সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড, সংযুক্ত আরব আমিরাতসহ বিভিন্ন দেশ ভ্রমণ করেন।