ইলেকট্রনিকস পণ্য নির্মাতা প্রতিষ্ঠান ওয়ালটনের ই-কমার্স সাইট ওয়ালকার্টে আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। আজ রোববার রাজধানীর বসুন্ধরায় ওয়ালটনের কার্যালয়ে এর উদ্বোধন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ বলেছেন, ডিজিটাল ডিভাইসের আমদানিকারক থেকে উৎপাদনকারী ও উৎপাদনকারী থেকে রপ্তানিকারক দেশে পরিণত হয়েছে বাংলাদেশ। এ জন্য তিনি ওয়ালটনের ভূমিকার প্রশংসা করেন।
প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ দক্ষ মানবসম্পদ উন্নয়নে এখন বিশ্বের কাছে আকর্ষণীয় গন্তব্যে পরিণত হয়েছে। তিনি প্রযুক্তি খাতে বাংলাদেশের বিভিন্ন অগ্রগযাত্রার পরিস্থিতি তুলে ধরেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ই-ক্যাবের সভাপতি শমী কায়সার, বেসিসের সভাপতি সৈয়দ আলমাস কবির, বিসিএস সভাপতি শাহিদ উল মুনির, বাক্কো সভাপতি ওয়াহিদ শরীফ, ওয়ালকার্টের চেয়ারম্যান এস এম মনজরুল আলম, ব্যবস্থাপনা পরিচালক সাবিহা জেরিন, ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এস এম মঞ্জুরুল আলম, ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ভাইস চেয়ারম্যান এস এম শামছুল আলম, ওয়ালটন চেয়ারম্যান এস এম নুরুল আলম রিজভি।