তারবিহীন ফাইভজি মডেম চিপ ও ওয়াইফাই চিপ নির্মাণে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন কারখানা চালু করেছে অ্যাপল। নিজস্ব চিপ নির্মাণের জন্য এরই মধ্যে প্রকৌশলী নিয়োগ শুরু করে দিয়েছে ক্যালিফোর্নিয়ার কুপার্টিনোভিত্তিক প্রযুক্তি জায়ান্টটি। ব্লুমবার্গের বরাতে এ তথ্য জানিয়েছে গিজমোচায়না।
যেসব প্রযুক্তি জায়ান্ট অন্য কোম্পানির ওপর নির্ভরশীলতা কমিয়ে নিজস্ব চিপ নির্মাণে এগিয়ে এসেছে, তার মধ্যে অ্যাপল অন্যতম। আইফোন ও আইপ্যাডের জন্য প্রথমে এ-সিরিজের চিপ নিয়ে এসেছিল তারা। গত বছর অ্যাপল সিলিকনসহ এম১ চিপ চালু করে, যা তাদের ম্যাক ডিভাইসে ব্যবহার করা হয়েছে। চলতি বছরে এম১ প্রো ও এম১ ম্যাক্স নামে আরো দুটি চিপ চালু করে অ্যাপল। এবার দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় একদল প্রকৌশলী নিয়োগ দিচ্ছে, যারা ওয়্যারলেস বা তারবিহীন চিপ নিয়ে কাজ করবে। অ্যাপলের সাম্প্রতিক বিজ্ঞপ্তিতে দেখা গেছে, তারা এমন প্রকৌশলী খুঁজছেন, যাদের মডেম চিপ ও অন্যান্য তারবিহীন সেমিকন্ডাক্টর নিয়ে কাজের অভিজ্ঞতা রয়েছে।
দক্ষিণ ক্যালিফোর্নিয়ার আরভিনে নতুন অফিস চালু করছে অ্যাপল, যেখানে ব্রডকম, স্কাইওয়ার্কসের মতো কোম্পানির অফিস রয়েছে। যেসব কর্মী সিলিকন ভ্যালিতে কাজ করতে আগ্রহী নন, তাদের আকৃষ্ট করতে আরভিনে নতুন অফিস চালু করেছে প্রযুক্তি জায়ান্টটি।
কোনো বিশেষ প্রযুক্তির জন্য অ্যাপলের কর্মী নিয়োগ বিদ্যমান প্রতিষ্ঠানগুলোর জন্য হুমকি হিসেবে দেখা দিতে পারে বলে মনে করেন সংশ্লিষ্টরা। এরই মধ্যে ইন-হাউজ চিপ নির্মাণের ঘোষণা দিয়ে অনেক সেমিকন্ডাক্টর নির্মাতা জায়ান্টের সামনে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে অ্যাপল। ইন্টেলের মতো বৃহৎ চিপ নির্মাতা জায়ান্ট অ্যাপল পণ্যে নিয়ন্ত্রণ হারিয়েছে। ২০১৮ সালে সান ডিয়োগোয় প্রকৌশলী নিয়োগ দিয়েছিল অ্যাপল। যেখানে অন্য মার্কিন চিপ নির্মাতা জায়ান্ট কোয়ালকমের প্রধান কার্যালয়। সান ডিয়োগোয় কারখানা চালুর দুই বছর বাদে অ্যাপলের চিপ-বিষয়ক প্রধান জনি স্রাউজি কর্মীদের জানান, কোয়ালকমের বিকল্প হিসেবে তারা নিজস্ব সেলুলার মডেম তৈরি করতে যাচ্ছে। যদিও আরভিনে অ্যাপলের কার্যক্রম প্রাথমিক পর্যায়ে রয়েছে, তবে অতীত অভিজ্ঞতা বলে স্থানীয় কোম্পানিগুলোর জন্য বড় চ্যালেঞ্জ ছুড়ে দেবে টিম কুক নেতৃত্বাধীন কোম্পানিটি। আরভিনে কর্মী নিয়োগের মাধ্যমে এটা স্পষ্ট হয়ে উঠেছে অন্য কোম্পানির ওপর নির্ভরশীলতা কমিয়ে বিভিন্ন উপকরণ নিজস্বভাবে তৈরির চেষ্টা চালাচ্ছে তারা। আশা করা হচ্ছে, অ্যাপলের নতুন এ কার্যালয়ে প্রকৌশলীরা ওয়্যার রেডিও, রেডিও ফ্রিকোয়েন্সি আইসি (ইন্টিগ্রেটেড সার্কিটস) ও একটি ওয়্যারলেস সিস্টেম অন অ্যা চিপ বা সক তৈরিতে কাজ করবে। ব্লুটুথ ও ওয়াইফাই সংযোগের সেমিকন্ডাক্টর তৈরিতেও তারা কাজ করবে বলে জানা গেছে। বর্তমানে এ উপকরণগুলো সরবরাহ করে আসছে ব্রডকম, স্কাইওয়ার্কস ও কোয়ালকমের মতো কোম্পানি।