ঢাকা, বুধবার, ১ এপ্রিল ২০২৬, ২:৪৯ পূর্বাহ্ন

এ বছরে মজিলার আয় ৫০ কোটি ডলার ছাড়াচ্ছে

সম্প্রতি ২০২০ সালের জন্য নিজেদের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে মজিলা ফাউন্ডেশন। পূর্ববর্তী বছরের তুলনায় এ প্রতিবেদনে মজিলার আর্থিক উন্নতির চিত্র ফুটে ওঠে। প্রথমবারের মতো এবারের বার্ষিক প্রতিবেদনে সর্বশেষ তথ্যও প্রকাশ করেছে মজিলা। সম্প্রতি বেশ বড় ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে মজিলা।

বড় আকারের কর্মী ছাঁটাইসহ নিজেদের লাভজনক অংশ মজিলা করপোরেশনের পুনর্গঠন করেছে কোম্পানিটি। তবে আশার কথা হলো, ২০২১-এ তাদের আয় ৫০ কোটি ডলার ছাড়াতে যাচ্ছে। খবর টেকক্রাঞ্চ।

প্রযুক্তিগত উন্নয়ন সত্ত্বেও কোম্পানিটির ফ্ল্যাগশিপ ব্রাউজার ফায়ারফক্স বাজারে বেশ প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করছে। বর্তমানে ক্রেমিয়ামভিত্তিক ব্রাউজারের আধিপত্যের দরুন এমন পরিস্থিতির সম্মুখীন হয়েছে ফায়ারফক্স। ২০২০ সালে সাবস্ক্রিপশন, বিজ্ঞাপন রাজস্ব ও সার্চ পার্টনারশিপের আওতায় মজিলা করপোরেশনের আয়ের পরিমাণ ছিল ৪৬ লাখ ৬০ কোটি ডলার। সার্চ পার্টনারশিপের দ্বারা আয়ের অধিকাংশই এসেছে গুগলের সঙ্গে সার্চ ডিলের আওতায়। ২০১৯ সালে এসব খাতে মজিলা করপোরেশনের আয়ের পরিমাণ ছিল ৪৬ লাখ ৫০ কোটি ডলার।

২০২১ সালে কোম্পানিটি নিজেদের প্রাক্কলিত আয়ের পরিমাণ নির্ধারণ করেছে ৫০ কোটি ডলারের বেশি। একই সময়ে মজিলার নতুন পণ্যগুলো ধীরে ধীরে আয়ের জোগান দিতে শুরু করেছে। মজিলার এসব পণ্যের মধ্যে রয়েছে মজিলা ভিপিএন সার্ভিস, ফায়ারফক্স রিলায় প্রিমিয়াম, পকেট ও অন্যান্য বাণিজ্যিক উদ্যোগ।

মজিলার নির্বাহী ভাইস প্রেসিডেন্ট (ইভিপি) অ্যাঞ্জেলা প্লোহম্যান ও প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) এরিক মুহলহাইম জানান, চলতি বছরে মজিলার নতুন পণ্যগুলো থেকে রাজস্ব আয়ের পরিমাণ ১৫০ শতাংশ বৃদ্ধি পাবে। এসব পণ্য থেকে আহরিত রাজস্ব কোম্পানির মোট রাজস্ব আয়ে ১৪ শতাংশ পরিমাণ অবদান রাখবে। এ সময় ২০২০ সালের তুলনায় চলতি বছরে মজিলার ভিপিএন পরিষেবার দ্বারা আয় ৪৫০ শতাংশ বাড়বে বলেও জানান কোম্পানিটির ইভিপি ও সিএফও।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ