চলতি বছরে ইন-অ্যাপ কেনাকাটা, প্রিমিয়াম অ্যাপের সুবিধা গ্রহণ, সাবস্ক্রিপশন সুবিধা গ্রহণে অ্যাপ স্টোর ও গুগল প্লেতে ভোক্তাব্যয় ২০ শতাংশ বেড়েছে। সেন্সর টাওয়ার স্টোর ইন্টেলিজেন্সের প্রতিবেদনে বলা হয়, ২০২১-এ মোবাইল অ্যাপে ভোক্তাব্যয় ১৩ হাজার ৩০০ কোটি ডলারে দাঁড়াতে পারে। খবর দ্য হিন্দু।
২০২০ থেকেই মোবাইল গেমস ও নন-গেম অ্যাপসে ভোক্তাব্যয় বাড়তে শুরু করেছিল। চলতি বছরজুড়েই তা স্থিতিশীল রয়েছে। ২০২০ সালে মোবাইল অ্যাপে ১১ হাজার ১১০ কোটি ডলার ভোক্তাব্যয়ের চেয়ে তা ১৯ দশমিক ৭ শতাংশ বাড়ার পূর্বাভাস দেয়া হয়েছিল।
চলতি বছরে অ্যাপলের অ্যাপ স্টোরে বৈশ্বিক ব্যয় ৮ হাজার ৫১০ কোটি ডলারে দাঁড়াতে পারে বলে প্রতিবেদনটিতে বলা হয়। যা আগের বছরের ৭ হাজার ২৩০ কোটি ডলারের চেয়ে ১৭ দশমিক ৭ শতাংশ বেশি। গুগল প্লেতে বছরওয়ারি ব্যয় গত বছরের ৩ হাজার ৮৮০ কোটি ডলারের চেয়ে ২৩ দশমিক ৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৭৯০ কোটি ডলার।
নন-গেমিং অ্যাপ হিসেবে অ্যাপ স্টোর ও প্লে স্টোরে সর্বোচ্চ আয় হয়েছে শর্ট ভিডিও স্ট্রিমিং প্লাটফর্ম টিকটক। ২০২১-এর প্রথম ১১ মাসে টিকটকে আয়-ব্যয় হয়েছে ৩০০ কোটি ডলার।
অ্যান্ড্রয়েড ডিভাইসে ২০০১ সালে সবচেয়ে বেশি আয় করেছে গুগল ওয়ান। ২০২১ শেষে অ্যাপটিতে ভোক্তাব্যয় ১০০ কোটি ডলার ছাড়াবে। ২০২০ সালের ৪৪ কোটি ৮৫ লাখ ডলারের চেয়ে যা ১২৩ শতাংশ বেশি।

গুগল প্লেতে মোট ডাউনলোডের সংখ্যা ১১ হাজার ১৩০ কোটি ছাড়াতে পারে। অ্যাপলের অ্যাপ স্টোরে ইনস্টলের সংখ্যা ৩ হাজার ২৩০ কোটি দাঁড়াতে পারে।
২০২১ সালে অ্যাপ স্টোর থেকে সবচেয়ে বেশি ডাউনলোড হওয়া অ্যাপ ছিল টিকটক। অ্যাপ স্টোর ও প্লে স্টোরে টিকটক ডাউনলোড হয়েছে ৭৪ কোটি ৫৯ লাখ বার। তবে ২০২০ সালের ৯৮ কোটি ৭ লাখ ইনস্টলের চেয়ে যা কমেছে ২৪ শতাংশ।
গুগল প্লেতে সর্বাধিক ডাউনলোড হওয়া অ্যাপ ছিল ফেসবুক, যা ৫০ কোটি ৯ লাখ ডিভাইসে ইনস্টল হয়েছে। অ্যাপ স্টোর ও প্লে স্টোর থেকে ফেসবুক ইনস্টল হয়েছে ৬২ কোটি ৪৯ লাখ বার। তবে তা গত বছরের ৭০ কোটি ৭৮ লাখ ইনস্টলের চেয়ে ১২ শতাংশ কমেছে।
২০২১-এ মোবাইল গেমসে ভোক্তাব্যয় বেড়েছে। অ্যাপ স্টোর ও গুগল প্লেতে ভোক্তাব্যয় ২০২০-এর ৭ হাজার ৯৬০ কোটি ডলারের চেয়ে ১২ দশমিক ৬ শতাংশ বেড়ে ৮ হাজার ৯৬০ কোটি ডলারে দাঁড়িয়েছে। ২০১৯ সালে অ্যাপে ব্যয়ের ক্ষেত্রে মোবাইল গেমসের অংশ ছিল ৭৪ দশমিক ১ শতাংশ। ২০২০ সালে তা দুই শতাংশীয় পয়েন্ট কমে ৭১ দশমিক ৭ শতাংশে দাঁড়িয়েছে। চলতি বছরে তা ২০১৯ সালের তুলনায় ৬ দশমিক ৭ শতাংশীয় পয়েন্ট কমবে।
অ্যাপ স্টোরে গেমাররা চলতি বছরে ৫ হাজার ২৩০ কোটি ডলার ব্যয় করবে বলে পূর্বাভাস সেন্সর টাওয়ার স্টোর ইন্টেলিজেন্সের। ২০২০ সালের ৪ হাজার ৭৬০ কোটি ডলারের চেয়ে যা ৯ দশমিক ৯ শতাংশ বেশি।
টেনসেন্টের অনর অব কিংস ছিল সবচেয়ে বেশি আয় করা আইওএস গেম। আগের বছরের ২৫০ কোটি ডলারের চেয়ে ১৬ শতাংশ বেড়ে ২০২১-এ তা ২৯০ কোটি ডলারে দাঁড়াতে পারে। গুগল প্লেতে গেমসে চলতি বছরে ভোক্তাব্যয় রেকর্ড ৩ হাজার ৭৩০ কোটি ডলারে দাঁড়াতে যাচ্ছে, যা আগের বছরের ৩ হাজার ২০০ কোটি ডলারের চেয়ে ১৬ দশমিক ৬ শতাংশ বেশি।


















