দেশের ই-কমার্স গ্রাহকরা অবশেষে হাফ ছেড়ে বাঁচতে যাচ্ছেন। বেশ কয়েকটি ই-কমার্স প্রতিষ্ঠানের ২১৪ কোটি টাকা ফেরত পেতে যাচ্ছেন তারা। ইভ্যালিকাণ্ডের পর থেকে বিভিন্ন পেমেন্ট গেটওয়েতে আটক ছিল এই টাকা।
জানা গেছে, এই ২১৪ টাকা ভোক্তাদের ফেরত দিতে বাংলাদেশ ব্যাংককে চিঠি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।
আগামী সপ্তাহে বাংলাদেশ ব্যাংক টাকা ফেরত দেওয়া শুরু করবে বলে জানা গেছে। ই-কমার্স শিল্প নিয়ে গঠিত জাতীয় কমিটি গত ২ ডিসেম্বর এই অর্থ ফেরত দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেয়। বাণিজ্য মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংক সূত্রে এসব তথ্য জানা গেছে।
এর আগে গত অক্টোবরের শেষ সপ্তাহে এক বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি সাংবাদিকদের বলেছিলেন, তিন মাসের মধ্যে গ্রাহকদের টাকা ফেরত দেবে সরকার।
বাণিজ্য মন্ত্রণালয় সূত্র জানায়, ডিজিটাল কমার্স আইন প্রণয়ন ও কর্তৃপক্ষ গঠনের লক্ষ্যে গঠিত উপকমিটির দ্বিতীয় সভায় সিদ্ধান্ত হয়, যেসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে কোনও মামলা চলমান নেই, সেসব প্রতিষ্ঠানের নামে এসক্রো সার্ভিসে ভোক্তাদের আটকে থাকা অর্থ ফেরত দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এছাড়া বাণিজ্য মন্ত্রণালয় মনে করে, এরই মধ্যে পণ্য সরবরাহ না হলে পেমেন্ট গেটওয়েতে আটকে থাকা ভোক্তাদের টাকা ফেরত দেওয়া যেতে পারে।

সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন












