ঢাকা, বুধবার, ১ এপ্রিল ২০২৬, ২:৪৭ পূর্বাহ্ন

ইন্টেল আসছে চিপের কম্পিউটিং ক্ষমতা বৃদ্ধির গবেষণা নিয়ে

চিপের আকার কমিয়ে এনে এর কার্যক্ষমতা বৃদ্ধিতে গবেষণা চালাচ্ছে ইন্টেল করপোরেশনের একদল গবেষক। আগামী এক দশকে উল্লেখযোগ্য অগ্রগতি আনার লক্ষ্যে কাজ করছে তারা। ২০২৫ সালের মধ্যেই তারা এক্ষেত্রে লক্ষণীয় উন্নতি করবে বলে মনে করেন তারা। খবর রয়টার্স।

সানফ্রান্সিসকোয় আয়োজিত একটি আন্তর্জাতিক সম্মেলনে ইন্টেলের রিসার্চ কম্পোনেন্টস গ্রুপ তাদের গবেষণাপত্র উপস্থাপন করেছে। সিলিকনভ্যালিভিত্তিক কোম্পানিটি আশা করছে, শিগগিরই তারা ক্ষুদ্রতম ও দ্রুতগতির চিপ উন্নয়নে নেতৃত্বের আসনে আসীন হবে। তবে এখনো গবেষণা নিবন্ধের মধ্যেই সীমাবদ্ধ আছে ইন্টেলের অগ্রগতি, কোনো প্রোটোটাইপ দেখায়নি প্রতিষ্ঠানটি।

সাম্প্রতিক বছরগুলোয় তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি (টিএসএমসি) ও স্যামসাং ইলেকট্রনিকসের মতো কোম্পানির কাছে শীর্ষস্থান হারিয়েছে ইন্টেল।

চলতি বছরে সিইওর দায়িত্ব গ্রহণ করা প্যাট জেলসিংগার জানান, অতীতে যে ভুল পদক্ষেপ নেয়া হয়েছে তা সামলে ঘুরে দাঁড়াতে অন্তত চার বছর লাগবে। ওয়াল স্ট্রিট জার্নালে সম্প্রতি এক সাক্ষাত্কারে ইন্টেল সিইও বলেন, আপনি যদি প্রান্তিকওয়ারি আমার পারফরম্যান্স মূল্যায়ন করেন, তাহলে আমাকে ব্যর্থ হিসেবে পাবেন। ঐতিহ্যবাহী এ কোম্পানিতে আপনি যদি আমার দুই, তিন বা চার বছরের মূল্যায়ন করেন তাহলে খুশি হব।

দায়িত্ব গ্রহণের পর গত মার্চে নিজস্ব কনট্র্যাক্ট ফাউন্ড্রি শাখা চালু করেছেন জেলসিংগার। প্রতিদ্বন্দ্বী টিএসএমসির মতো নয়া চিপ জায়ান্টের সঙ্গে টেক্কা দিতে ফ্যাব ল্যাব ও ফাউন্ড্রিতে ১০ হাজার কোটি ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছেন তিনি।

সাম্প্রতিক দিনগুলোয় বৈশ্বিক সরবরাহ চেইন জটিলতা সত্ত্বেও প্রতিদ্বন্দ্বী কোম্পানিগুলোর সঙ্গে ফারাক কমানোর ক্ষেত্রে বেশ অগ্রগতিতে আত্মবিশ্বাসী জেলসিংগার। ২০২৫ সালের মধ্যে কীভাবে বৈশ্বিক চিপের বাজারে শীর্ষস্থান পুনরুদ্ধার করা যায়, সে বাণিজ্যিক পরিকল্পনা পেশ করেছেন সিইও জেলসিংগার। গত শনিবার উপস্থাপিত গবেষণাপত্রে তা স্পষ্ট হয়ে উঠেছে কীভাবে তা অর্জন করতে চায় তার পরিকল্পনা।

চিপে অধিক কম্পিউটিং ক্ষমতা দেয়ার ক্ষেত্রে ইন্টেল যে প্রক্রিয়া অনুসরণ করতে যাচ্ছে, তা হচ্ছে দ্বিমাত্রিকের স্থলে ত্রিমাত্রিক টাইলস ও চিপলেটস ব্যবহার। সম্মেলনে ইন্টেলের গবেষকরা দেখিয়েছে, নতুন চিপগুলো কীভাবে টাইলসগুলোর মধ্যে ১০ গুণের অধিক সংযোগ নিশ্চিত করতে পারে। তার মানে দাঁড়াচ্ছে, অনেকগুলো জটিল টাইলস সংযুক্ত করা যাবে।

সম্মেলনে ইন্টেল যে গবেষণা প্রতিবেদনগুলো দেখিয়েছে, তার মধ্যে সবচেয়ে আধুনিকটিতে রয়েছে একাধিক ট্রানজিস্টর একটি অন্যটির ওপরে বসিয়ে সাজানোর ফিচার। কম্পিউটার চিপের মূল উপাদান হিসেবে বিবেচনা কর হয় ট্রানজিস্টরগুলোকে। ডিজিটাল লজিকের ১ ও শূন্যের সিগনালগুলো ঠিক করে দেয় এ লাখ লাখ ট্রানজিস্টর।

ইন্টেল মনে করে নতুন প্রযুক্তিতে চিপে ৩০-৫০ শতাংশ অধিকসংখ্যক ট্রানজিস্টর যুক্ত করা যাবে। ৫০ বছরে চিপগুলো দ্রুততর হওয়ার পেছনে ভূমিকা রেখেছে অধিকসংখ্যক ট্রানজিস্টর যুক্ত করার ক্ষমতা।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ