রাশিয়ার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করতে যাচ্ছে বহুজাতিক প্রযুক্তিপ্রতিষ্ঠান অ্যাপল। রাশিয়ার একটি আইন অনুযায়ী, অ্যাপ স্টোরে অর্থ প্রদানের একটি বিকল্প ব্যবস্থা তৈরি করার সুযোগ পাচ্ছেন অ্যাপ ডেভেলপাররা। খবর টেক টাইমস।
শুধু আইফোন ও আইপ্যাড দিয়েই অ্যাপলের বিভিন্ন পেমেন্ট করে অ্যাপ্লিকেশন ডাউনলোড করার সুযোগ পান ব্যবহারকারীরা। এছাড়া নেটফিক্স ও স্পটিফাইয়ে মাসিক সাবস্ক্রিপশনের সুযোগও ভোগ করেন ব্যবহারকারীরা। ৯টু৫-এর প্রতিবেদন অনুযায়ী, অ্যাপ্লিকেশন থেকে ১৫-৩০ শতাংশ আয় করে অ্যাপল। সম্প্রতি দেশের আইনের সঙ্গে সামঞ্জস্য রেখে রাশিয়ার ফেডারেল অ্যান্টিমনোপলি সার্ভিস (এফএএস) মার্কিন প্রতিষ্ঠানটিকে নীতি পরিবর্তনের কথা বলেছে। তবে এ দাবি মেনে নেয়নি মার্কিন টেক জায়ান্টটি। যুক্তরাষ্ট্রেও একই সমস্যার সম্মুখীন অ্যাপল। এ বছর ৯ ডিসেম্বর পর্যন্ত অ্যাপলকে তার পেমেন্ট ব্যবস্থা বদলানোর সুযোগ দিয়েছে যুক্তরাষ্ট্র।
এ বিষয়ে রাশিয়ার বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণের পরিকল্পনা অ্যাপলের। এফএএসের বিকল্প পেমেন্ট ব্যবস্থা পর্যালোচনার কথা জানিয়েছে অ্যাপল।
এনগ্যাজেটের তথ্যানুযায়ী, মার্কিন টেকজায়ান্টটিকে চলতি বছর ৩০ সেপ্টেম্বর পর্যন্ত নীতি পরিবর্তনের সুযোগ দিয়েছিল এফএএস। তবে জরিমানার হুমকি দিলেও নিজস্ব নীতিতে অটল থেকেছে অ্যাপল। এর আগে অ্যাপলের প্রতিদ্বন্দ্বী টেক কোম্পানিগুলোর জন্য সংকটময় পরিস্থিতি তৈরি করায় ১ কোটি ২০ লাখ ডলার জরিমানা করে রাশিয়া।