ঢাকা, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬, ৭:৩৬ পূর্বাহ্ন

প্রাণ হাতে নিয়ে ইরানে পাড়ি জমাচ্ছেন হাজার হাজার আফগান

প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে আফগান-ইরান সীমান্ত পার হচ্ছেন হাজারো আফগান নাগরিক। তালেবান ক্ষমতায় আসার পর, আশঙ্কাজনক হারে বেড়েছে এ সংখ্যা। নরওয়ে ভিত্তিক শরণার্থী বিষয়ক সংস্থা বলছে, গত তিন মাসে অবৈধ পথে ইরানে প্রবেশ করেছেন কমপক্ষে ৩ লাখ মানুষ।

ক্ষুধা, তৃষ্ণা আর জীবনের অনিশ্চয়তা কাটাতে দেশ ছাড়তে মরিয়া আফগানরা। প্রতিদিনই সীমান্তে ভিড় করছেন হাজারো মানুষ। দালালের সহযোগিতায় জীবনের ঝুঁকি নিয়ে বিপজ্জনক পথে পাড়ি জমাচ্ছেন প্রতিবেশি ইরানে।

অনুপ্রবেশকারীদের ভাষ্য, আফগানিস্তানে এখন তেমন কোনো কাজ নেই। সেখানে দারিদ্র্যতা হয়ে উঠেছে নিত্য সঙ্গী। তাই প্রাণের ঝুঁকি নিয়ে হলেও দেশ ত্যাগ করছেন তারা। এরই মধ্যে নিরাপত্তারক্ষীদের ছোড়া গুলিতে আহত হয়েছেন বহু মানুষ। তবে কিছুটা সুস্থ্য হয়ে আবারও সীমান্ত পাড়ি দেয়ার চেষ্টা করছেন তারা।

আফগানিস্তানে তালেবান ক্ষমতা দখলের পর থেকেই সীমান্তে উল্লেখযোগ্য হারে বেড়েছে অভিবাসনপ্রত্যাশীদের ঢল। পরিসংখ্যান বলছে, গত তিন মাসে তিন লাখের বেশি আফগান পাড়ি জমিয়েছে ইরানে। এখনও প্রতিদিন প্রায় ৪-৫ হাজার মানুষ ভিড় করছেন সীমান্ত এলাকাগুলোতে।

যারা এসব মানুষকে ইরানে যেতে সহায়তা করছেন তাদের ভাষ্য, আগে সপ্তাহে ৫০-৬০ জনকে পার করতাম। কিন্তু তালেবান ক্ষমতা নেয়ার পর থেকে গত তিন মাসে প্রায় ৫০০ পরিবারকে এই সীমানা পার করিয়েছি।

গত দুই দশকের অস্থিতিশীলতায় পার্শ্ববর্তী ইরানে প্রবেশ করেছে ৩০ লাখের বেশি আফগান। জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা বলছে, চলতি বছরের নভেম্বর পর্যন্ত অন্তত ১১ লাখ আফগান নাগরিককে ফেরত পাঠিয়েছে দেশটি।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ