মিয়ানমারের ক্ষমতাচ্যুত ও গৃহবন্দি নেত্রী অং সান সু চির কারাবাসের রায় সম্পূর্ণ আইনানুগ প্রক্রিয়ায় এবং ‘মানবিক দৃষ্টিকোন’ থেকে ঘোষণা করে হয়েছে বলে দাবি করেছে ক্ষমতাসীন জান্তা। পাশাপাশি, সরকারের পক্ষ থেকে আরও বলা হয়েছে- কেউই আইনের উর্ধ্বে নয়।
মিয়ানমারের সামরিক সরকারের তথ্যমন্ত্রী মাউং মাউং ওন মঙ্গলবার এক ভার্চুয়াল সংবাদ ব্রিফিংয়ে বলেন, ‘মিয়ানমারের বিচারব্যবস্থা নিরপেক্ষ। (সু চির কারাবাসের) যে রায় ঘোষণা করা হয়েছে, তাতে সম্পূর্ণভাবে আইন অনুরণ করা হয়েছে। কেউই আইনের উর্ধ্বে নয়।’
সেনাবাহিনীর বিরুদ্ধে উসকানি দিয়ে উত্তেজনা সৃষ্টি এবং কোভিড-১৯ প্রোটোকল লঙ্ঘনের মাধ্যমে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা আইন ভাঙার দায়ে ৭৬ বছর বয়সী সু চিকে চার বছরের কারাদণ্ড দেন দেশটির একটি আদালত।
অবশ্য জান্তা সরকার তার গৃহবন্দিত্বের সময় হিসেবে ধরে সাজার মেয়াদ ২ বছরে নামিয়ে এনেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
চলতি বছর ১ ফেব্রুয়ারি অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারে ক্ষমতাসীন গণতান্ত্রিক সরকারকে হটিয়ে জাতীয় ক্ষমতা দখল করে দেশটির সামরিক বাহিনী। বন্দি করা হয় গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি ও তার দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্র্যাসির (এনএলডি) বিভিন্ন স্তরের কয়েক হাজার নেতাকর্মীকে।