তিস্তার দুই পাড়ে শিল্পায়ন করার জন্য মেগা প্রকল্প গ্রহণ করছে সরকার। এজন্য ৮৫০০ কোটি টাকার একটি বড় প্রকল্প একনেকে পাস হয়েছে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
রংপুর বিভাগ সাংবাদিক সমিতির (আরডিজেএ) প্রয়াত সদস্যদের সন্তানদের বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
রোববার রাজধানীর পল্টন টাওয়ারে ইআরএফ মিলনায়তনে এর আয়োজন করে রংপুর বিভাগ সাংবাদিক সমিতি, ঢাকা।
বাণিজ্য মন্ত্রী বলেন, প্রয়াত সাংবাদিকের সন্তানদের বৃত্তি প্রদান ব্যতিক্রমী উদ্যোগ। রংপুর বিভাগ সাংবাদিক সমিতি, ঢাকা (আরডিজেএ) যে উদ্যোগ নিয়েছে এর সাধুবাদ জানাই। অন্য কোনো সাংবাদিক সংগঠনের এমন উদ্যোগ আছে বলে আমার জানা নেই।
বাণিজ্য মন্ত্রী আরো বলেন, রংপুরে গ্যাস সংযোগের কার্যক্রম চলমান আছে। কুড়িগ্রামে শিগগিরই বিশ্ববিদ্যালয় স্থাপিত হচ্ছে। সৈয়দপুর বিমানবন্দর আন্তর্জাতিক বিমানবন্দরে রুপ নেয়ার কার্যক্রম চলমান আছে। নানা অর্থনৈতিক কর্মকাণ্ডে এগিয়ে যাচ্ছে রংপুরের অর্থনীতি।

ইআরএফ এর সাধারণ সম্পাদক এসএম রাশিদুল ইসলাম বলেন, রংপুর বিভাগ সাংবাদিক সমিতির এমন মহৎ উদ্যোগে সাধুবাদ জানাই। প্রয়াত সদস্যদের সন্তানদের বৃত্তি দিতে অন্য কোনো সাংবাদিক সংগঠনের উদ্যোগ আছে বলে জানা নেই।
ডিআরইউ’র সাবেক সভাপতি শফিকুল করিম সাবু বলেন, দেশের সব অঞ্চলের মানুষই জানে রংপুরের মানুষেরা সহজ-সরল। অনেক বড় ক্ষমতা পেয়েও রংপুরের মানুষের চরিত্র বদলায় না।
সভাপতির বক্তব্যে আরডিজেএ সভাপতি মোকছুদার রহমান মাকসুদ বলেন, পিতাহীন একজন সন্তান সব থেকে অসহায়। ক্ষুদ্র সামর্থ নিয়ে আমরা আমাদের প্রয়াত সদস্যদের পরিবারের পাশে দাঁড়িয়েছি। সামর্থবানদের এ মহৎ কাজে পাশে চাই।
অনুষ্ঠানে প্রয়াত ১০ সদস্যের সন্তানদের হাতে বৃত্তির টাকা তুলে দেওয়া হয়। বৃত্তি কার্যক্রমের আওতায় প্রয়াত সদস্যদের সন্তানদের প্রতি মাসে ৩ হাজার টাকা বৃত্তি দেওয়া হবে।













