সম্পন্ন হলো পাবনা জেলার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের দ্বিতীয় ইউনিটের রিঅ্যাক্টর বিল্ডিং-এ চক্রাকার (পোলার) ক্রেন ব্রিজ স্থাপনের কাজ।
রাশিয়ার প্রতিষ্ঠান এনার্গোস্পেকমনতাঝের বিশেষজ্ঞরা ১ হাজার ৩০৫ টন উত্তোলন ক্ষমতাসম্পন্ন বিশেষ ক্রেনের সাহায্যে +৩৮ দশমিক ৫০মিটার এলিভেশনে অবস্থিত রেল ট্র্যাকের ওপর পোলার ক্রেন ব্রিজটি স্থাপন করে।
মঙ্গলবার (৩০ নভেম্বর) রোসাটমের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
রাশিয়ার রাষ্ট্রায়াত্ত প্রতিষ্ঠান রোসাটমের প্রকৌশলী সংস্থা এতমস্ত্রয়এক্সপোর্টের (এএসই) ভাইস-প্রেসিডেন্ট এবং রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের পরিচালক আলেক্সি দেইরি বলেন, রূপপুর এনপিপি’র দ্বিতীয় ইউনিটের কাজে আরও একটি মাইলস্টোন অর্জিত হলো।
পাওয়ার ইউনিটের নির্মাণ ক্ষেত্রে পোলার ক্রেনের স্থাপন একটি জটিল কাজ। ক্রেনটির অ্যাডজাস্টমেন্ট এবং পরীক্ষা-নিরীক্ষার পর রিঅ্যাক্টর কম্পার্টমেন্টে মূল ভারী যন্ত্রপাতি এবং পাইপলাইন বসানোর কাজ শুরু হবে।















