রাস্তায় যেকোনো গাড়ির ধাক্কায় গরু মারা যাওয়ার খবর হয়তো সবাই-ই পেয়ে থাকেন সচরাচর। তবে বিমানের ধাক্কায় গরুর মরার খবর কেউ শোনেননি নিশ্চয়। তবে এমন আশ্চর্যজনক ঘটনায় ঘটেছে কক্সবাজারে।
কক্সবাজার বিমানবন্দর থেকে বাংলাদেশ এয়ারলাইনসের একটি বিমান উড্ডয়নের সময় বিমানের নোজ গিয়ারের (পেছনের চাকা) সঙ্গে দুটি গরুর ধাক্কা লাগে। আর এতে ঘটনাস্থলেই মারা যায় গরু দুটি।
আজ মঙ্গলবার (৩০ নভেম্বর) সন্ধ্যা ৫টা ৫৩ মিনিটে কক্সবাজার বিমানবন্দর থেকে উড়োজাহাজটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে উড্ডয়ন করে।
জানা যায়, গরু দুটি রানওয়েতে ঘোরাঘুরি করছিল। রানওয়ে থেকে বিমানের চাকা শূন্যে ওঠার দুই থেকে তিন সেকেন্ডের মধ্যে এই ঘটনা ঘটে। উড়োজাহাজটির যান্ত্রিক ত্রুটি দেখা দেয়।
কক্সবাজার বিমানবন্দর ও শাহজালাল বিমানবন্দর সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

শাহজালাল বিমানবন্দর সূত্রে জানা গেছে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৪৩৮ উড়োজাহাজটি সন্ধ্যায় ৬টা ৪৫ মিনিটে ঢাকায় পৌঁছায়। অবতরণের আগে শাহজালাল বিমানবন্দরের এয়ার ট্র্যাফিক কন্ট্রোলকে (এটিসি) পাইলট উড়োজাহাজের পেছনের চাকা ক্ষতিগ্রস্ত হওয়ার কথা জানালে আকাশে কিছুক্ষণ অপেক্ষা করতে বলা হয়।


















