নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পেতে যাচ্ছে ন্যাশনাল ব্যাংক লিমিটেড। এ পদে নিয়োগ পেতে যাচ্ছেন মো. মেহমুদ হোসেন। তবে আপাতত তাঁকে এক বছরের জন্য নিয়োগ দেয়া হতে পারে বলে বেসরকারি এ ব্যাংকটির পরিচালনা পর্ষদ সিদ্ধান্ত নিয়েছে।
সোমবার (২৯ নভেম্বর) ব্যাংকটির পরিচালনা পর্ষদের সভা শুরু হয়। বিরতি দিয়ে আজ শেষ হয় সভার কার্যক্রম। সেখানে মেহমুদ হোসেনকে এমডি পদে নিয়োগ দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়। ন্যাশনাল ব্যাংক পর্ষদ ও কেন্দ্রীয় ব্যাংকের একাধিক সূত্র এ বিষয়টি নিশ্চিত করেছে।
তবে ন্যাশনাল ব্যাংকের নতুন এমডি নিয়োগের সিদ্ধান্তটি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ ব্যাংককে এখনো জানানো হয়নি। কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদনের পরই মেহমুদ হোসেনের এমডি পদে নিয়োগ চূড়ান্ত হবে।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সিরাজুল ইসলাম বলেন, ন্যাশনাল ব্যাংকের পর্ষদে হয়তো এ বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। কিন্তু আমাদেরকে এখনো আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানানো হয়নি। যে কোনো ব্যাংকের এমডি পদে নিয়োগের বিষয়টি কেন্দ্রীয় ব্যাংক চূড়ান্ত করে। ন্যাশনাল ব্যাংক প্রস্তাব পাঠালে সেটি বিবেচনা করা হবে।
মেহমুদ হোসেন এর আগে ব্যাংক এশিয়া ও এনআরবি ব্যাংকের এমডি পদে দায়িত্ব পালন করেছেন।














