নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘ফ্যামিলি ক্রাইসিস’ সম্পর্কে অনেকেরই জানা। এনটিভিতে প্রচার শেষ হওয়া দারুণ জনপ্রিয় এই ধারাবাহিকটির নতুন সিজন তৈরি হচ্ছে এবার। এর নাম রাখা হয়েছে ‘ফ্যামিলি ক্রাইসিস (রিলোডেড)’।
এই নতুন ‘ফ্যামিলি ক্রাইসিস’-এ যুক্ত হলেন কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি! অভিনেত্রী হিসেবে নয়, কণ্ঠ দিলেন ধারাবাহিকটির শীর্ষ সংগীতে। ‘কখনও আলো কখনও আঁধার’ শিরোনামে গানটি সোমবার (২৯ নভেম্বর) রাতে ঢাকার নিকেতনে ক্রাউন এন্টারটেইনমেন্ট স্টুডিওতে রেকর্ড সম্পন্ন হয়।
গানটি প্রসঙ্গে ন্যানসি বলেন, ‘বহু বছর পর রাজের ধারাবাহিকে গাইলাম। গানটি গেয়ে আত্মতৃপ্তি পেলাম। এর কথা ও সুর হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো। শ্রোতাদের খুব সহজেই গানটি ভালো লাগতে পারে।’
গানটি লিখেছেন জনি হক। সুর ও সংগীত পরিচালনা করেছেন নাভেদ পারভেজ।