প্রযুক্তি বাজারে স্মার্টফোনের পাশাপাশি বর্তমানে অন্যান্য ডিভাইস তৈরির দিকে ঝুঁকছে বিশ্বের শীর্ষ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো। এর অংশ হিসেবে এবার কম্পিউটার বাজারে প্রবেশ করতে যাচ্ছে পোকো। শিগগির ল্যাপটপ উৎপাদন শুরু করতে পারে প্রতিষ্ঠানটি। খবর গ্যাজেটস নাউ।
গিজমোচায়নায় প্রকাশিত প্রতিবেদনের তথ্যানুযায়ী, ভারতের বাজারে নিজেদের প্রথম ল্যাপটপ উন্মোচন করতে পারে চীনের এ স্মার্টফোন উৎপাদনকারী প্রতিষ্ঠান।
সম্প্রতি ভারতের ব্যুরো অব ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (বিআইএস) থেকে রেডমি জি সিরিজ ল্যাপটপ ব্যাটারির অনুমোদন পেয়েছে প্রতিষ্ঠানটি। তবে পোকো সম্পূর্ণ নতুন ল্যাপটপ ডিজাইন করবে, নাকি রেডমির পুরনো ল্যাপটপের রিব্র্যান্ডিং করবে সেটি এখনো পরিষ্কার নয়। নতুন ল্যাপটপের দাম ও বাজারজাতের বিষয়ে কোনো পরিষ্কার তথ্য পাওয়া যায়নি। কেননা প্রতিষ্ঠান থেকে আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানানো হয়নি। প্রতিবেদনে বলা হয়, পোকোর ল্যাপটপে রেডমি জি সিরিজের ল্যাপটপ ব্যাটারির সন্ধান পাওয়া গেছে। বিআইএসের ওয়েবসাইটে আলাদা সিরিয়াল নম্বরে এটিকে তালিকাভুক্ত করা হয়েছে।


















