জ্যোতি সিন্হা, সম্বিত সাহা, তারিক আনাম খান, সারা যাকের, মুহম্মদ নূরুল হুদা, ফেরদৌসী মজুমদার, শাহ এ সারওয়ার ও রামেন্দু মজুমদার (বাঁ থেকে)
নাট্যদল ‘থিয়েটার’ প্রবর্তিত ‘মুনীর চৌধুরী সম্মাননা’ পেলেন বিশিষ্ট অভিনয়শিল্পী ও নাট্য সংগঠকদ্বয় সারা যাকের ও তারিক আনাম খান এবং ‘মোহাম্মদ জাকারিয়া স্মৃতিপদক’ পেলেন তরুণ প্রতিভাবান নাট্যকর্মীদ্বয় সম্বিত সাহা ও জ্যোতি সিন্হা।
২৭ নভেম্বর শহীদ বুদ্ধিজীবী মুনীর চৌধুরীর ৯৬তম জন্মদিনে বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটারে পদকপ্রাপ্তদের হাতে আনুষ্ঠানিকভাবে পদক তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা এবং চেক হস্তান্তর করেন অনুষ্ঠানের বিশেষ অতিথি আইএফআইসি ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী শাহ এ সারওয়ার।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন থিয়েটারের পরিচালক (সাংগঠনিক) রামেন্দু মজুমদার এবং সভাপতিত্ব করেন থিয়েটার সভাপতি ফেরদৌসী মজুমদার। কভিড মহামারীর কারণে গত বছর এ আয়োজন সম্ভব না হওয়ায় এ বছর একই সঙ্গে ২০২০ ও ২০২১ সালের পুরস্কারপ্রাপ্তদের হাতে সম্মাননা ও পদক তুলে দেয়া হয়। ২০২০ সালের জন্য সারা যাকের ও ২০২১ সালের জন্য তারিক আনাম খান পেয়েছেন ‘মুনীর চৌধুরী সম্মাননা’। সম্বিত সাহা ও জ্যোতি সিন্হা যথাক্রমে ২০২০ ও ২০২১ সালের জন্য পেলেন ‘মোহাম্মদ জাকারিয়া স্মৃতিপদক’। সেই সঙ্গে আইএফআইসি ব্যাংক লিমিটেডের সৌজন্যে ‘মুনীর চৌধুরী সম্মাননা’প্রাপ্তদের ৫০ হাজার ও ‘মোহাম্মদ জাকারিয়া স্মৃতিপদক’প্রাপ্তদের হাতে ২৫ হাজার টাকা অর্থমূল্য তুলে দেয়া হয়। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে যন্ত্রসংগীত পরিবেশন করেন বেঙ্গল পরম্পরা সংগীতালয়ের শিক্ষার্থীরা।
বাংলাদেশের নাট্যচর্চায় আধুনিক চেতনা সঞ্চারে অগ্রণী পুরুষ মুনীর চৌধুরী এবং বাংলা নাটকের ইতিহাসে বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব মোহাম্মদ জাকারিয়া। বাংলাদেশের প্রথম সারির নাট্যদল ‘থিয়েটার’ ১৯৮৯ সাল থেকে নাট্যজগতের প্রতিভাবান ব্যক্তি বা নিবেদিতপ্রাণ সংগঠনকে ‘মুনীর চৌধুরী সম্মাননা’ এবং ১৯৯৭ সাল থেকে তরুণ নাট্যকর্মীদের ‘মোহাম্মদ জাকারিয়া স্মৃতিপদক’ প্রদান করার মধ্য দিয়ে সম্মান জানিয়ে আসছে।