দেশের উন্নয়নে অগ্রগামী ভুমিকা রাখছে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো। তাদের বিভিন্ন উন্নত প্রযুক্তি ও সেবাদানের জন্য স্বীকৃত স্বরুপ দেওয়া হয়ে থাকে বিভিন্ন ধরনের সনদ। এবার প্রযুক্তি খাতে সফটওয়্যার সলিউশন সেবাদানে দ্বিতীয় কোনোও প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে সম্প্রতি সিএমএম-এসভিসি ম্যাচিউরিটি লেভেল থ্রি ভার্সন ২.০ স্বীকৃতি পেয়েছে সিসটেক ডিজিটাল।
এর মাধ্যমে কোম্পানিটি দেশের দ্বিতীয় প্রযুক্তি প্রতিষ্ঠান যারা ভি-২.০ তে এই ম্যাচিউরিটি অর্জনের সাফল্য লাভ করে।
রাজধানীর কাওরান বাজারে সফটওয়্যার টেকনোলজি পার্ক ‘ভিশন ২০২১ টাওয়ার-১’ এ আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক ডা. বিকর্ণ কুমার ঘোষ।
সিএমএমআই ইনস্টিটিউটের পক্ষে ইউনাইটেড সার্টিফিকেশন সার্ভিসেস লিমিটেড (ইউনিসার্ট) এই সার্টিফিকেট সিসটেক ডিজিটালকে হস্তান্তর করে।
সার্টিফিকেট হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিসার্ট’র পরিচালক আব্দুল কাদের, এশিয়া অঞ্চলের পরিচালক ইঞ্জিনিয়ার মো. লিয়াকত আলী, সিসটেক ডিজিটাল লিমিটেডের চেয়ারম্যান নাহিদ মওলা মৌরি, ব্যবস্থাপনা পরিচালক এম রাশিদুল হাসান প্রমুখ।
সিসটেক ডিজিটাল লিমিটেড বর্তমানে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স, ব্লকচেইন, বিগ ডেটা, এমবেডেড সিস্টেম, আইওটি এবং ইন্টেলিজেন্ট কন্ট্রোল প্রভৃতির মতো অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে কাজ করছে এবং ক্লাউড ও মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, হার্ডওয়্যারের ওপর আরঅ্যান্ডডি ও আইটি সেবা দিচ্ছে।
উল্লেখ্য, সফটওয়্যার ডেভেলপমেন্ট প্রক্রিয়ার মূল্যায়নের ক্ষেত্রে ক্যাপাবিলিটি ম্যাচিউরিটি মডেল ইন্টিগ্রেশন (সিএমএমআই) হলো যুক্তরাষ্ট্রের কার্নেগি মেলন বিশ্ববিদ্যালয়ের স্বীকৃত একটি মডেল।