বাইক রাইড শেয়ারিং প্লাটফর্ম পাঠাও এবার দেশের চালকদের জন্য কোম্পানি কমিশন কমানোর সিদ্ধান্ত নিয়েছে। নতুন এই সিদ্ধান্তের ফলে এখন থেকে চালকরা প্রতিটি ট্রিপ এর ভাড়া থেকে পিক আওয়ারে ৯০% এবং অফ-পিক আওয়ারে ৮৫% আয় করতে পারবেন।
এর আগে, পাঠাও বাইকে ঢাকায় ১৫% এবং চট্টগ্রাম ও সিলেটে ২৫% কমিশন প্রযোজ্য ছিলো। নতুন নির্ধারিত এই কমিশন সারাদেশের জন্য প্রযোজ্য হবে।
আজ বৃহস্পতিবার (২৫ নভেম্বর) থেকে নতুন এই নীতি কার্যকর হচ্ছে। এদিন থেকে পিক আওয়ারে (সকাল ৮টা থেকে সকাল ১১টা এবং বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত) চালকদের কাছ থেকে ১০% করে কমিশন নেবে পাঠাও। এছাড়া, অফ-পিক আওয়ারে নেবে সর্বোচ্চ ১৫%।
এ বিষয়ে পাঠাওয়ের সিইও অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর ফাহিম আহমেদ বলেন, চালকদের আয় বৃদ্ধি এবং তাদের জীবনমানের উন্নয়নে পাঠাও সুযোগ তৈরি করেছে। এরই ফলশ্রুতিতে পাঠাও এর সাথে থাকা বিশাল রাইডার কমিউনিটির ইনকাম আরো বাড়াতে এবং তাদের নিরাপদ ও নির্ভরযোগ্য রাইড শেয়ারিং সেবা প্রদানের স্বীকৃতি স্বরূপ পাঠাও বাইকে কমিশন কমিয়ে আনা হয়েছে।















