সোস্যাল ডেমোক্রেটিক দলের নেতা ম্যাগডালিনা এন্ডারসনকে সুইডেনের পার্লামেন্ট প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করেছে। এর মাধ্যমে তিনি সুইডেনের প্রথম নারী প্রধানমন্ত্রীর মর্যাদা লাভ করেন। কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ প্রতিবেদন প্রকাশ করে।
আজ বুধবার (২৪ নভেম্বর) দেশটির পার্লামেন্টে ভোট গ্রহণের মাধ্যমে ম্যাগডালিনাকে প্রধানমন্ত্রী নির্বাচন করা হয়। তিনি বিদায়ী প্রধানমন্ত্রী স্টিফেন লোফভেনের স্থলাভিষিক্ত হচ্ছেন।
পার্লামেন্টের ১১৭ সদস্য তার পক্ষে ভোট দিয়েছেন। অপরদিকে তার বিপক্ষে ভোট দিয়েছেন ১৭৪ জন। ভোট দেয়া থেকে বিরত থেকেছেন ৫৭ জন।
সুইডেনের আইন অনুযায়ী, একজন প্রধানমন্ত্রীকে পার্লামেন্টে সংখ্যাগরিষ্ট ভোটে নির্বাচিত হওয়ার প্রয়োজন নেই। এর আগে সুইডেনের অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন ম্যাগডালিনা।
৫৪ বছরের ম্যাগডালিনা সুইডেনের ক্ষমতাসীন সোস্যাল ডেমোক্র্যাটিক দলের নেতৃত্বে আসেন চলতি মাসের শুরুতে। লিঙ্গ সমতার জন্য ইউরোপের দেশ সুইডেন বিশ্বব্যাপী পরিচিত হলেও দেশটি কখনো নারী প্রধানমন্ত্রী দেখেনি। ম্যাগডালিনা প্রধানমন্ত্রী হওয়ার মধ্য দিয়ে সুইডেনে নতুন ইতিহাস রচিত হচ্ছে।