মেসেজিং প্লাটফর্ম থ্রেডস বন্ধ করে দেয়ার ঘোষণা দিয়েছে মেটা মালিকানাধীন ফটো শেয়ারিং প্লাটফর্ম ইনস্টাগ্রাম। চলতি বছর শেষে সেবাটি আনুষ্ঠানিকভাবে বন্ধ করে দেবে প্লাটফর্মটি। খবর টেকক্রাঞ্চ।
প্রকাশিত এক প্রতিবেদনের তথ্যানুযায়ী, আগামীকাল থেকে ইন অ্যাপ নোটিসের মাধ্যমে ইনস্টাগ্রাম বিদ্যমান থ্রেডস ব্যবহারকারীদের কার্যক্রম বন্ধের বিষয়ে জানানো শুরু করবে। এরপর থেকে ব্যবহারকারীরা ইনস্টাগ্রাম থেকে বন্ধুদের সরাসরি মেসেজ পাঠাতে পারবেন।
২০১৯ সালে ইনস্টাগ্রামে সহযোগী প্লাটফর্ম হিসেবে থ্রেডসের যাত্রা শুরু। এর কিছু আগেই প্লাটফর্মটি তাদের ডিরেক্ট নামের আরেকটি মেসেজিং প্লাটফর্ম বন্ধ করে দিয়েছিল। শুধু ইনবক্সের মেসেজিং পরিষেবায় সীমাবদ্ধ না থেকে থ্রেডসকে ক্যামেরা কেন্দ্রিক মেসেঞ্জার হিসেবে তৈরি করা হয়েছিল। এর মাধ্যমে ব্যবহারকারীরা স্ট্যাটাস আপডেট করার পাশাপাশি ইনস্টাগ্রামে থাকা কাছের বন্ধুদের সঙ্গে যোগাযোগ রাখতে পারতেন।
অন্যান্য সোস্যাল প্লাটফর্মের মতো থ্রেডস সেভাবে মূল ধারায় প্রবেশ করতে পারেনি। গত বছরের আগ পর্যন্ত এটি খুব কম মানুষের মনোযোগ আকর্ষণ করতে পেরেছিল। গত বছর প্লাটফর্মটিতে সবাইকে মেসেজ দেয়ার সুবিধা চালুর পর সেটি ভালো সাড়া ফেলেছিল।