নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা খিজির হায়াত খানের বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। এসময় মুখোশধারী হামলাকারীরা তার বাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ে, ককটেলের বিস্ফোরণ ঘটায় এবং পরে ঘরের দরজা জানালায় ব্যাপক ভাঙচুর চালায়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
শনিবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে চর কাঁকড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডে এই হামলার ঘটনা ঘটে। হামলার শব্দ শুনে স্থানীয়রা এগিয়ে আসার চেষ্টা করলে তাদের অস্ত্রের ভয় দেখিয়ে তাড়িয়ে দেয় হামলাকারীরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় কয়েকটি মোটরসাইকেল ও সিএনজিযোগে ১০-১২ জনের একদল মুখোশধারী খিজির হায়াত খানের বাড়ির সামনে আসে। পরে সংঘবদ্ধ হয়ে তারা বাড়িতে ঢুকে বিপুল পরিমাণ ককটেলের বিস্ফোরণ ঘটায় এবং এলোপাতাড়ি গুলি ছোড়ে। এসময় হামলাকারীরা ঘরের দরজা জানালা ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা চালায়।
আওয়ামী লীগ সভাপতির স্ত্রী, উপজেলা আওয়ামী লীগের সভানেত্রী ও ভাইস চেয়ারম্যান আরজুমান পারভীন বলেন, শনিবার জিলা স্কুল মাঠে অনুষ্ঠিত আওয়ামী লীগের প্রতিনিধি সম্মেলনে খিজির হায়াতের যাওয়া ও বক্তব্য দেয়ার জেরে এই হামলার ঘটনা ঘটেছে। হামলাকারীরা আমাদের বাড়িঘর লক্ষ্য করে বৃষ্টির মতো ককটেল নিক্ষেপ ও গুলি করে। তারা আমাদের ঘরের দরজা জানালা ভেঙে ঘরে ঢোকার চেষ্টা করে। হামলাকারীদের লক্ষ্য ছিল আমাদের ঘরে ঢুকে সবাইকে হত্যা করা।
এ ঘটনায় তারা একটি মামলা দায়ের করবেন বলেও জানান। ঘটনার পর থেকে তাদের পরিবারের সদস্যদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে বলেও জানান আরজুমান পারভীন।
গণমাধ্যমকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুদ্দিন আনোয়ার বলেন, কয়েকজন মুখোশধারী আওয়ামী লীগ সভাপতির বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।