সুদানের অভ্যুত্থানবিরোধীদের বিক্ষোভ থামাতে সামরিক সরকার নাগরিকদের ওপর গুলি চালায়। দুপক্ষের মধ্যে সংঘর্ষে এ ঘটনায় এখন পর্যন্ত প্রাণ হারিয়েছে ৪০ জন।
শনিবার (২০ নভেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
জানা গছে, গত বুধবার দেশটিতে ভয়াবহ বিক্ষোভ হয়। সেদিনের সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জনের মৃত্যু হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, নিহতদের বেশির ভাগই উত্তর খার্তুমের। তাছাড়া সামরিক অভিযানের সময় আহত হয়েছেন শতাধিক।
শনিবার গণতন্ত্রপন্থিরা অনলাইনে সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে গণ বিক্ষোভের ডাক দেয়। শুক্রবার নামাজ শেষে বিক্ষোভকারীরা সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে বেশ কয়েকটি এলাকায় সমাবেশ করেন। বিশেষ করে উত্তর খার্তুমে। সেখানে লোকজনকে রাস্তাজুড়ে ব্যারিকেড তৈরি করতে দেখা গেছে। নিরাপত্তা বাহিনী তাদের ছত্রভঙ্গ করতে বিক্ষিপ্তভাবে কাঁদানে গ্যাস নিক্ষেপ করেছে।
২৫ অক্টোবর দেশটির শীর্ষ রাজনৈতিক নেতাদের বন্দি করে ক্ষমতা দখল করেন জেনারেল ফাত্তাহ আল-বুরহান। প্রধানমন্ত্রী আব্দাল্লাহ হামদককে গৃহবন্দি ও বেশ কয়েকজন মন্ত্রীকে গ্রেফতারের পাশাপাশি দেশব্যাপী জরুরি অবস্থা ঘোষণা করেন তিনি।

সুদানে তিন দশক ধরে প্রেসিডেন্টের ক্ষমতায় ছিলেন ওমর আল-বশির। ২০১৯ সালে ওমর আল-বশির সরকারকে ক্ষমতাচ্যুত করে দেশটির সেনাবাহিনী। এরপর ক্ষমতা ভাগাভাগি করে দেশ পরিচালনা করছিল সামরিক বাহিনী ও বেসামরিক সরকার।


















