বিশ্ব বাজারে প্রতিযোগিতা বাড়ার সাথে সাথে ও সরকারি বিধিনিষেধের কারণে বার্ষিক বিক্রির লক্ষ্যমাত্রা কমিয়েছে চীনের ই-কমার্স জায়ান্ট প্রতিষ্ঠান আলিবাবা। আগামী বছরের মার্চে শেষ হতে যাওয়া অর্থবছরে রাজস্ব বৃদ্ধির হার ২০ থেকে ২৩ শতাংশের মধ্যে থাকবে বলে আশা করছে এই ই-কমার্স জায়ান্ট। খবর রয়টার্স।
গেল ২০১৪ সালে শেয়ারবাজারে অন্তর্ভুক্তির পর সবচেয়ে কম প্রবৃদ্ধির পথে রয়েছে আলিবাবা। এর আগে গত মে মাসেও সংস্থাটি ২৯ দশমিক ৫ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল। পাশাপাশি প্রতিষ্ঠানটি দ্বিতীয় প্রান্তিকে শেয়ারপ্রতি আয়ের প্রত্যাশাও কমিয়ে দিয়েছে।
করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় চীনা নাগরিকরা ব্যয় নিয়ে আরো সতর্ক রয়েছে। এর সঙ্গে সরবরাহ সংকট যুক্ত হওয়ায় এ প্রান্তিকে চীনের অর্থনীতিতে অনেকটা মন্থরগতি দেখা গেছে।
আয়-সংক্রান্ত এক বৈঠকে আলিবাবার প্রধান নির্বাহী কর্মকর্তা ড্যানিয়েল ঝ্যাং বলেন, তীব্র প্রতিযোগিতা ও অর্থনৈতিক দুরবস্থা চীনের বাজারে আমাদের মূল ব্যবসাকেও ক্ষতিগ্রস্ত করেছে। পাশাপাশি পোশাক ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারও প্রভাবিত হয়েছে বলে জানান তিনি