উইন্ডোজ ১১-এর জন্য মিডিয়া প্লেয়ার ও গ্রুভ মিউজিক অ্যাপের সুবিধা নিয়ে নতুন মিডিয়া প্লেব্যাক অ্যাপ তৈরি করেছে মাইক্রোসফট। ২০০৯ সালের পর থেকে মিডিয়া প্লেয়ারে তেমন কোনো পরিবর্তন আনেনি প্রতিষ্ঠানটি। উইন্ডোজ ইনসাইডারের ব্যবহারকারীরা এখন থেকে উইন্ডোজ ১১-এর জন্য নির্মিত মিডিয়া প্লেয়ার ব্যবহার করতে পারবেন। খবর এনগ্যাজেট।
গান ও ভিডিও দুই ধরনের ফাইল প্লেব্যাকের জন্য নতুন মিডিয়া প্লেয়ার ডিজাইন করা হয়েছে। ২০১৭ সালের পর থেকে গ্রুভ মিউজিক অ্যাপে সব ধরনের আপডেট বন্ধ করে দিয়েছে মাইক্রোসফট। গিজমোডোর তথ্যানুযায়ী, যারা গানের তালিকা প্রণয়নে এখনো গ্রুভ অ্যাপ ব্যবহার করে থাকেন, তারা এখন থেকে নতুন মিডিয়া প্লেয়ারে সে সুবিধা পাবেন। ব্যবহারকারীর লাইব্রেরি ও প্লেলিস্ট স্বয়ংক্রিয়ভাবে স্থানান্তরিত হয়ে যাবে।
মাইক্রোসফট জানায়, ব্যবহারকারীরা সহজেই তাদের পছন্দের গান খুঁজে পাবেন এবং প্লেলিস্ট তৈরি করতে পারবেন। গান চালানোর সময় শ্রোতারা ফুল ও মিসি প্লেয়ার মোড স্ক্রিনে অ্যালবাম আর্ট ও ছবি দেখতে পাবেন। নতুন অ্যাপটি ব্যবহারকারীর কম্পিউটারে থাকা মিউজিক ও ভিডিও ফোল্ডার থেকে গান যুক্ত করতে পারবে। সেটিংস থেকে কম্পিউটারের অন্য জায়গা থেকে ফাইল যুক্ত করার সুবিধাও মিলবে


















