বিল মুরে অভিনীত আশির দশকের বিখ্যাত সিনেমা সিরিজ ‘ঘোস্টবাস্টার্স’। যেখানে বিল মুরে তার দলবল নিয়ে ভূত ধরে বেড়াতেন। ঘোস্টবাস্টার্স সিরিজের প্রথম দু’টি সিনেমা প্রযোজনা করেছিল কলম্বিয়া পিকচার্স। প্রথম ও দ্বিতীয় পর্ব ‘ঘোস্টবাস্টার্স’ এবং ‘ঘোস্টবাস্টার্স ২’ যথাক্রমে মুক্তি পায় ১৯৮৪ এবং ১৯৮৯ সালে।
এবার পর্দায় আসছে এই সিরিজের অনেক প্রতীক্ষিত তৃতীয় সিনেমা ‘ঘোস্টবাস্টার্স: আফটার লাইফ’। ‘ঘোস্টবাস্টার্স’ সিনেমার এই সিক্যুয়েলটি আগামীকাল শুক্রবার (১৯ নভেম্বর) আন্তর্জাতিকভাবে মুক্তি পেতে যাচ্ছে। একই দিনে সিনেমাটি মুক্তি পাবে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সে। এদিন ভারতেও সিনেমাটি মুক্তি পাবে বলে জানা গেছে।
সিনেমাটির গল্প আবর্তিত হয়েছে একজন অবিবাহিত মা এবং তার দুটি বাচ্চাকে কেন্দ্র করে। যারা একটি ছোট শহরে এসে আসল ভূতবাসীর সঙ্গে সংযোগ তৈরি এবং তাদের দাদার রেখে যাওয়া গোপন সম্পত্তির উত্তরাধিকার আবিষ্কার করতে শুরু করবে তারা।
এই সিরিজের প্রথম সিনেমাটি অবশ্য ছিল যৌথ প্রযোজনা। তৃতীয়টি প্রযোজনা করেছে সনি পিকচার্স এন্টারটেইনমেন্ট। অবশ্য পরিবেশক সেই কলম্বিয়া পিকচার্স-ই।
জেসন রেইটম্যানের পরিচালনায় সিনেমাটির প্রথম ও দ্বিতীয় পর্ব ‘ঘোস্টবাস্টার্স’ এবং ‘ঘোস্টবাস্টার্স ২’তে মুরে, ড্যান আইক্রয়েড এবং হ্যারল্ড রামিসকে ভূত শিকার করে এমন প্যারাসাইকোলজি অধ্যাপক হিসাবে দেখানো হয়েছিল। সিগর্নি উইভারসহ মারে এবং আইক্রয়েড নতুন এই সিক্যুয়েলটিতেও অভিনয় করেছেন। এছাড়া ফিরে আসা অভিনেতার মাঝে আরও রয়েছেন অ্যানি পটস ও এরনি হাডসন। পাশাপাশি সিনেমাটিতে নতুন যুক্ত হয়েছেন অভিনেতা পল রুড, ক্যারি কুন, ফিন উলফহার্ড ও ম্যাককেনা গ্রেস।
সবশেষ ছবিটি আশানুরূপ সাফল্য না পাওয়ায় এবারের ছবিতে বিশেষ গুরুত্ব দিয়েছেন পরিচালক রেইটম্যান। যার ফলও পেয়েছেন ভালো। গেল আগস্টে লাস ভেগাসের সিনেমাকন ইভেন্টে প্রদর্শনের পর দর্শক সমালোচকদের প্রশংসা পায় সিনেমাটি। হলেও এটি দর্শকের মন জয় করবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।