আগামী পাঁচ বছরে অস্ট্রেলিয়ায় ১০০ কোটি অস্ট্রেলিয়ান ডলার বা ৭৪ কোটি ডলার বিনিয়োগ করতে যাচ্ছে গুগল। অস্ট্রেলিয়ায় এ পর্যন্ত সার্চ ইঞ্জিন জায়ান্টটির সর্বোচ্চ বিনিয়োগ হতে যাচ্ছে। খবর বিবিসি।
ক্লাউড কম্পিউটিং সক্ষমতা বৃদ্ধি, স্থানীয় বিভিন্ন সংস্থার সঙ্গে অংশীদারিত্ব এবং একটি গবেষণা কেন্দ্র নির্মাণে কাজ করবে গুগল। ডিজিটাল ফিউচার ইনিশিয়েটিভ নামে এ উদ্যোগের আওতায় ৬ হাজার নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে এবং সব মিলিয়ে ২৮ হাজার কর্মসংস্থানে সহায়তা করবে।
সিডনিতে উদ্যোগের ঘোষণায় গুগল প্রধান সুন্দর পিচাই জানান, আগামী প্রজন্মের প্রযুক্তি উদ্ভাবন, মানুষের জীবনযাপনের উন্নতি ও কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রাখবে অস্ট্রেলিয়া।
অনুষ্ঠানে উপস্থিত হয়ে উদ্যোগকে স্বাগত জানিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন। তিনি বলেন, অর্থনৈতিক পুনরুদ্ধার প্রক্রিয়ায় এবং দেশীয় বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানের সহায়তায় এটা ভূমিকা রাখবে।
স্থানীয় যেসব সংস্থার সঙ্গে গুগল কাজ করবে তার মধ্যে রয়েছে অস্ট্রেলিয়ার বিজ্ঞানবিষয়ক সংস্থা কমনওয়েলথ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ অর্গানাইজেশন (সিএসআইআরও)।
সাইবার বিনিয়োগ কোম্পানি ডিভিশনএক্স গ্লোবালের জশুয়া কেনেডি-হোয়াইট মনে করেন, গুগলের এ ঘোষণা অস্ট্রেলিয়ার প্রযুক্তি কোম্পানির জন্য বড় বিজয়।