ক্লাবহাউজের অন্যতম একটি বৈশিষ্ট্য হচ্ছে এখানে সব অডিও চ্যাট লাইভে অনুষ্ঠিত হয়। তাই একবার কোনো কথোপকথন শেষ হয়ে গেলে সেটি পুনরায় আর শোনা যাবে না। এটি ক্লাবহাউজের চ্যাটরুমগুলোতে একচেটিয়া ব্যবস্থা তৈরি করেছিল। তবে বর্তমানে এ ধারা থেকে সরে এসেছে প্লাটফর্মটি। সম্প্রতি রিপ্লে নামে নতুন ফিচার চালু করেছে এ অডিও চ্যাট প্লাটফর্ম। খবর দি ইন্ডিয়ান এক্সপ্রেস।
নতুন ফিচারের মাধ্যমে এখন থেকে ব্যবহারকারীরা অডিও চ্যাটরুম থেকে কথোপকথন রেকর্ড এবং সেটি ক্লাব বা প্রোফাইলে সংরক্ষণ করতে পারবেন। যদি কেউ সেই ক্লিপ পডকাস্ট বা টিকটকে ব্যবহার করতে চান, তাহলে ক্লিপটি ডাউনলোড এবং প্লাটফর্মের বাইরে যে কারো সঙ্গে শেয়ার করতে পারবেন।
রিপ্লে ফিচারটি পিনড লিংকের ক্ষেত্রেও কাজ করবে। এ ফিচারের মাধ্যমে কথোপকথনের সময় মডারেটররা বিভিন্ন সাইটের লিংক কনভারসেশনের ওপর পিনড করে রাখতে পারেন। সে সময় থেকে পরে যারা সেই অডিও শুনবেন তারা এসব লিংক ব্যবহার করতে পারবেন।
টেকক্রাঞ্চের তথ্যানুযায়ী, যাদের পক্ষে সবসময় লাইভ অডিও ইভেন্টে যোগদান করা সম্ভব নয়, তাদের জন্য নতুন এ ফিচারটি বেশি কার্যকর। এ কারণে ব্যস্ত ব্যবহারকারীদের কাছে ক্লাবহাউজ বেশি জনপ্রিয়।