উদ্ভট ফ্যাশনের রানী বলে পরিচিত মার্কিন পপ তারকা লেডি গাগা। পোশাকের কারণে মাঝে মাঝেই আলোচনায় উঠে আসেন তিনি। চলতি বছর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের অভিষেক অনুষ্ঠানে পরেছিলেন কালো ও লাল রঙের পোশাক। পোশাকে হাঙ্গার গেমসের ডিজাইন থাকায় সে সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল আলোচনা ওঠে।
তখন অবশ্য পোশাক নিয়ে কোনো কিছু বলেননি এই পপ তারকা। ঘটনার ১০ মাস পর সম্প্রতি ব্রিটিশ ম্যাগাজিন ভোগের সঙ্গে আলাপকালে যা বললেন, তাতে চক্ষু চড়কগাছ অনেকের। আলাপচারিতায় ১২ বার গ্র্যামি অ্যাওর্য়াড জেতা গায়িকা তুলে ধরেছেন তার বিখ্যাত মাংসের পোশাক, গালা লুক এবং জো বাইডেনের অভিষেক অনুষ্ঠানে পরিহিত পোশাকসহ নানা বিষয় সম্পর্কে।
লেডি গাগা বলেন, অভিষেক অনুষ্ঠানে পরা ড্রেসটি ছিল আমার পছন্দের একটি, যেটা আমি আগে পরিনি। ইতালীয় ফ্যাশন ডিজাইনারের স্কিয়াপারেল্লির তৈরি পোশাক পরেছিলাম, এটা কেউ জানত না। পোশাকটি ছিল ‘বুলেটপ্রুফ’।
স্কিয়াপারেল্লির ক্রিয়েটিভ ডিরেক্টর ডেনিয়েল রোজবেরির তত্ত্বাবধানে তৈরি পোশাক পরেছিলেন ৩৫ বছর বয়সী গাগা। তবে কীভাবে পোশাকটি বুলেটপ্রুফ করে তৈরি করা হয়েছিল তা স্পষ্ট করে জানাননি এ গায়িকা। পোশাকের নিচে কি বুলেটপ্রুফ জ্যাকেট ছিল নাকি পোশাকটিই ছিল বুলেটপ্রুফ, সে বিষয়ে খোলাসা করেননি।
আলাপচারিতায় তিনি স্বর্ণের তৈরি ঘুঘুর ব্রুচ নিয়ে কথা বলেছেন। গাগা বলেন, ব্রুচটা যখন দেখলাম, আমি জানতাম যে এটাই সঠিক উপাদান। স্কিয়াপারেল্লি ফ্যাশন হাউজ এমন কিছু তৈরি করবে, যেমনটা আমি চেয়েছিলাম। জো বাইডেনের অফিসে তাকে গান গাওয়ার আমন্ত্রণ জানানো হয়েছিল, ফলে এই ব্রুচ ইতালীয়-আমেরিকান নারী হিসেবে ঐতিহ্যের সঙ্গে যায়।
২০১০ সালে এমটিভি ভিডিও সংগীত পুরস্কার অনুষ্ঠানে গরুর মাংসের তৈরি পোশাক পরেছিলেন লেডি গাগা। সে সময় তার এ পোশাক দেখে অনেকেই হতাশ হন। এ উদ্ভট পোশাকের আইডিয়া ছিল তার মেকআপ আর্টিস্ট ভাল গারল্যান্ডসের।
বিচিত্র ফ্যাশন নিয়ে আলোচনার মধ্যেই গাগা নজর কেড়েছেন হাউজ অব গুচির প্রিমিয়ারে। মঙ্গলবার রাতে লন্ডনে সিনেমাটির বিশেষ প্রদর্শনীতে তার অভিনয় দেখে মুগ্ধ সমালোচকরা। সিনেমাটি মুক্তি পাবে ২৪ নভেম্বর।