আগামী ৯ ডিসেম্বরের মধ্যে অ্যাপলের অ্যাপ স্টোরে থার্ড পার্টি পেমেন্ট সিস্টেম চালুর নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের বিচারক ইভন গঞ্জালেস রজার্স। গত মঙ্গলবার মামলার শুনানি শেষে ইভন এ নির্দেশ দেন। চলতি বছরের শুরুতে ইন-অ্যাপ পেমেন্ট ব্যবহারে ডেভেলপারদের বাধ্য করার বিষয়ে অ্যাপলের বিরুদ্ধে মামলা দায়ের করে বিখ্যাত ফোর্টনাইট গেমস নির্মাতা প্রতিষ্ঠান এপিক গেমস। সেপ্টেম্বরে মামলার রায় দেন বিচারক রজার্স। খবর দ্য ভার্জ।
মামলার রায় অনুসারে, অ্যাপ স্টোরে ডেভেলপারদের এক্সটার্নাল পেমেন্ট অপশন হিসেবে লিংক ও বাটন যুক্ত করার নির্দেশ দেয়া হয়েছিল। তবে অ্যাপল এ রায়ের বিরুদ্ধে আপিল করে। আপিলে নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে প্রতিষ্ঠানটি নিজস্ব ইন অ্যাপ পেমেন্ট পদ্ধতি রাখার আবেদন জানিয়েছিল। আদালত সেই আপিল খারিজ করে দেয়।
শুনানির সময় অ্যাপল জানায়, আইওএস অ্যাপ স্টোরে ইন-অ্যাপ পেমেন্টের পাশাপাশি অন্যান্য মেথড যুক্ত করার ক্ষেত্রে তাদের যে অ্যান্টি-স্টিয়ারিং নীতিমালা রয়েছে, সেটি পরিবর্তন করতে আরো সময়ের প্রয়োজন।
অ্যাপলের আইনজীবী মার্ক পেরি বলেন, ডিজিটাল কনটেন্টের জন্য অ্যাপসের অভ্যন্তরে লাইভ লিংক ব্যবহারের ক্ষেত্রে এটি অ্যাপলের প্রথম পদক্ষেপ। সামগ্রিকভাবে এসব লিংক ব্যবহারে কারিগরি, অর্থনৈতিক ও ব্যবসায়িক সহযোগিতার প্রয়োজন তা খুঁজে পেতে কয়েক মাস সময় লাগবে।
তিনি বলেন, এটি অত্যন্ত জটিল বিষয়। এ পদ্ধতি চালুর আগে শিশু, ডেভেলপার, ভোক্তা ও অ্যাপলের সুরক্ষার বিষয়টি নির্ধারণ করতে হবে। সেই সঙ্গে গাইডলাইনে এসব বিষয়ে লিখিত বিধান থাকতে হবে। যাতে করে বিস্তারিত আলোচনার পাশাপাশি বাস্তবে এসব বিধি প্রয়োগ করা যায়।

এপিক ও অ্যাপলের মধ্যে চলমান মামলার রায়ে অ্যাপলের উদ্যোগ অনেকটাই প্রশংসা পেয়েছে। রায়ের উপসংহারে বিচারক ইভন গঞ্জালেস উল্লেখ করেন যে অ্যাপ স্টোর থেকে ফোর্টনাইট অ্যাপ সরানোর মাধ্যমে অ্যাপল কোনো অ্যান্টি ট্রাস্ট আইন ভঙ্গ করেনি। সেই সঙ্গে এপিকের ডেভেলপারদের অ্যাকাউন্ট পুনরায় চালু করার প্রয়োজন নেই বলেও জানানো হয়।
এদিকে অ্যাপলের আইনজীবী পেরি জানান, এরই মধ্যে অ্যাপল নির্ধারিত দুটির মধ্যে একটি বিষয়ে পরিবর্তন কার্যকর করেছে। আগস্টে ক্লাস অ্যাকশন মামলার অংশ হিসেবে প্রতিষ্ঠানটি ই-মেইলের মাধ্যমে ব্যবহারকারীদের সঙ্গে ডেভেলপারদের যোগাযোগের ক্ষেত্রে যে নিষেধাজ্ঞা ছিল সেটি অপসারণ করেছে। কিন্তু অ্যাপল ইন অ্যাপ লিংকগুলোকে ব্যবহারকারীদের আস্থা ও নিরাপত্তার জন্য হুমকি হিসেবে চিহ্নিত করেছে। প্রতিষ্ঠানটি জানায়, এর মাধ্যমে ডেভেলপাররা ব্যবহারকারীদের ক্ষতিকর ওয়েবসাইটে প্রবেশে প্রভাবিত করতে পারে।


















