বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আজ থেকে শুরু হতে যাচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতের বিশ্ব সম্মেলন ‘ওয়ার্ল্ড কংগ্রেস অন ইনফরমেশন টেকনোলজি’র ২৫তম আসর। এ আয়োজন চলবে ১৪ নভেম্বর পর্যন্ত। এবারের প্রতিপাদ্য বিষয় ‘আইসিটি দ্য গ্রেট ইকুলাইজার।’ বিশ্বের যে কোন প্রান্ত থেকে অনলাইনেও এ সম্মেলনে যুক্ত হওয়া যাবে।
‘ডব্লিউসিআইটি ২০২১’ সম্মেলনের একই সময়ে অনুষ্ঠিত হবে এশিয়া এবং ওশেনিয়া অঞ্চলের আন্তর্জাতিক সম্মেলন অ্যাসোসিও ‘ডিজিটাল সামিট ২০২১’। অনুষ্ঠানটি ফিজিক্যাল এবং ভার্চুয়াল এর সমন্বয় হাইব্রিড মডেলে অনুষ্ঠিত হবে।
দ্য ওয়ার্ল্ড ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সার্ভিসেস অ্যালায়েন্স (উইটসা) এর উদ্যোগে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) এবং বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) যৌথভাবে এ সম্মেলন আয়োজন করতে যাচ্ছে। এ আয়োজনের পার্টনার হিসেবে আছে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর, কন্ট্রোলার অব সার্টিফাইং অথরিটিজ (সিসিএ), ডিজিটাল সিকিউরিটি এজেন্সি, এটুআই, এলআইসিটি, বেসিস, বাক্কো, ই-ক্যাব এবং আইএসপিএবি, বিআইজেএফ ও টিএমজিবি।
আন্তর্জাতিক এ সম্মেলনের প্লাটিনাম স্পন্সর ওয়ালটন, গোল্ড স্পন্সর ডাচ-বাংলা ব্যাংক, ব্রোঞ্জ স্পন্সর হুয়াওয়ে, জনতা ব্যাংক, মিনিস্টার টিভি এবং থাকরাল ইনফরমেশন সিস্টেমস। এছাড়া ইন্টারনেট পার্টনার আমরা টেকনোলজি লিমিটেড।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক আগারগাঁওস্থ আইসিটি টাওয়ারে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল মিলনায়তনে ‘সংবাদ সম্মেলনে’ এসব তথ্য জানান।