সম্প্রতি অ্যাপল মিউজিকের সঙ্গে অংশীদারিত্ব চুক্তিতে পৌঁছিয়েছে চীনভিত্তিক টেনসেন্ট মিউজিক এন্টারটেইনমেন্ট (টিএমই) গ্রুপ। এর মাধ্যমে টিএমই মিউজিক ক্লাউডের রেকর্ড লেবেল ও শিল্পীরা বিশ্বজুড়ে নিজেদের সংগীত প্রকাশ করতে পারবে। খবর গিজমোচায়না।
অ্যাপলের সঙ্গে চুক্তি সংগীতপ্রেমীদের জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে বলে আশা করছে টিএমই। চীনের স্বতন্ত্র সংগীত সংস্কৃতি ও ধারার সঙ্গে পরিচিত হতে পারবে বিভিন্ন দেশের শ্রোতারা। এর ফলে চীনের সংগীতাঙ্গন সমৃদ্ধ হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। বৈশ্বিক বাজারে পৌঁছবে চীনা সংগীত সংস্কৃতি।
তবে টিএমইর ‘মিউজিক ক্লাউড’ সম্পর্কে এখন পর্যন্ত বিস্তারিত কিছু জানা যায়নি। ধারণা করা হচ্ছে, বড় রেকর্ডিং লেবেলের মাধ্যমে গান প্রকাশ করতে অপারগ ক্ষুদ্র পরিসরের শিল্পীদের জন্য প্রচারের একটি মাধ্যম হবে টিএমইর মিউজিক ক্লাউড।
টেনসেন্ট মিউজিক এন্টারটেইনমেন্ট গত পাঁচ বছর ধরে একক সংগীত শিল্পীদের গান প্রচার করে আসছে। এছাড়াও ভক্তদের আকর্ষণ করতে ও ভার্চুয়াল কনসার্ট আয়োজন করতে টিএমই অবদান রেখেছে। এর মাধ্যমে সংগীত প্রচারের পাশাপাশি শিল্পীরা উপার্জনও করছেন।
বর্তমানে টিএমই-অ্যাপলের এ চুক্তির বিষয়ে খুব বেশি জানা যায়নি। তবে টেনসেন্টের লাইসেন্স করা সংগীত অ্যাপল মিউজিককে দেয়ার সম্ভাবনা কম বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা।