এক হাজার ডলারেরও বেশি ব্যয়ে সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ম্যাকাফি করপোরেশন কিনে নিচ্ছে অ্যাডভেন্ট ইন্টারন্যাশনাল। বিষয় সম্পর্কে অবগত কয়েকটি সূত্রের বরাতে এ তথ্য নিশ্চিত করেছে ওয়াল স্ট্রিট জার্নাল। খবর রয়টার্স।
সূত্রগুলো বলছে একীভবনের বিষয়টি শিগগিরই নিশ্চিত হবে এবং সোমবার তা চূড়ান্ত হতে পারে। তবে আলোচনা যে এ পর্যায়ে এসে বাতিল হতেও পারে, সেজন্যও প্রস্তুত থাকতে বলছেন। এ ব্যাপারে আনুষ্ঠানিক মন্তব্যের অনুরোধে সাড়া মেলেনি ম্যাকাফি ও অ্যাডভেন্টের।
ম্যাকাফির এ মালিকানা হাতবদল সম্পর্কিত খবর এমন একটি সময় এলো যখন গোটা বিশ্বে মহামারীর কারণে দূর থেকে কাজকে নতুন স্বাভাবিক হিসেবে ধরা হচ্ছে এবং এ সুযোগকে কাজে লাগিয়ে বহু গুণে বেড়ে গেছে সাইবার আক্রমণের ঘটনা। ফলে অ্যান্টিভাইরাস ও ডিজিটাল সুরক্ষা সফটওয়্যার নিয়ে চাহিদা তৈরি হয়েছে।
ভোক্তা সুরক্ষা সফটওয়্যার বাজারের নেতৃস্থানীয় পর্যায়ে আসতে যুক্তরাজ্যের লন্ডনে তালিকাভুক্ত অ্যাভাস্টকে ৮৬০ কোটি ডলারে কিনতে রাজি হয়েছে মার্কিন প্রতিষ্ঠান নর্টনলাইফলক ইনকরপোরেটেড। এদিকে, ২০২০ সালেই শেয়ারবাজারে পা দেয়া ম্যাকাফির শেয়ারদর শুক্রবার দিনশেষে ২০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছিল ২৫ দশমিক ৪৬ ডলার। গত মার্চে ৪০০ কোটি ডলার নগদ অর্থে সিম্ফোনি টেকনোলজিস গ্রুপের নেতৃত্বাধীন কনসোর্টিয়ামের কাছে নিজেদের এন্টারপ্রাইজ ব্যবসা বিক্রি করে দেবে বলে জানিয়েছিল ম্যাকাফি।



















