ঢাকা, সোমবার, ৬ এপ্রিল ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন

প্রথমবারের মতো সৌদি আরবে অস্ত্র বিক্রির অনুমোদন দিলো যুক্তরাষ্ট্র

এই প্রথমবারের মতো সৌদি আরবের কাছে বড় অংকের অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। চুক্তির আওতায় সৌদিকে ৬৫ কোটি মার্কিন ডলার মূল্যের আকাশ থেকে আকাশে নিক্ষোপযোগ্য ক্ষেপণাস্ত্র সরবরাহ করবে ওয়াশিংটন।

গত জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর উপসাগরীয় এই দেশটির কাছে এবারই প্রথম বড় অংকের অস্ত্র বিক্রির অনুমোদন দিলো বাইডেন প্রশাসন।

স্থানীয় সময় বৃহস্পতিবার (৪ নভেম্বর) মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন এই তথ্য সামনে এনেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

বিবৃতিতে পেন্টাগন জানায়, সৌদি আরবের বর্তমান ও ভবিষ্যত হুমকি মোকাবিলায় মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় এই অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে। প্রস্তাবিত এই অস্ত্র বিক্রি যুক্তরাষ্ট্রের বৈদেশিক নীতিমালার ও জাতীয় নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ। কারণ মধ্যপ্রাচ্যের রাজনৈতিক ও অর্থনৈতিক উন্নতির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা বন্ধু দেশ সৌদি আরবের নিরাপত্তার উন্নতিতে এটি সহায়তা করবে।

মধ্যপ্রাচ্যে সৌদি আরব দীর্ঘদিন ধরে ওয়াশিংটনের গুরুত্বপূর্ণ অংশীদার হলেও ইয়েমেনে হামলা ও দেশটিতে সৃষ্ট মানবিক সংকটের কারণে মার্কিন রাজনীতিকরা রিয়াদের সমালোচনা করে আসছে। এর আগে গত জানুয়ারিতে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর সৌদির কাছে অস্ত্র বিক্রি স্থগিত করাসহ ইয়েমেন ইস্যুতে রিয়াদের ওপর থেকে সমর্থন প্রত্যাহারের ঘোষণা দিয়েছিলেন জো বাইডেন।

বেসামরিক মানুষের বিরুদ্ধে মার্কিন অস্ত্র ব্যবহার করা হবে না- এ নিশ্চয়তার দাবি করে যুক্তরাষ্ট্র এতদিন সৌদি আরবের কাছে সামরিক ক্রয়-বিক্রয় স্থগিত রেখেছিল। তবে পরিস্থিতির কোনো পরিবর্তন বা উন্নতি না হলেও এর কয়েক মাসের মাথায় ফের দেশটির কাছে অস্ত্র বিক্রির অনুমোদন দিলো বাইডেন প্রশাসন।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ