টানা বৃষ্টির ফলে সৃষ্ট বন্যায় ইন্দোনেশিয়ার প্রধান দ্বীপ জাভাতে অন্তত পাঁচজন নিহত ও চারজন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা। শুক্রবার (৫ নভেম্বর) আরব নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
ইন্দোনেশিয়ার জাতীয় দুর্যোগ প্রশমন সংস্থা জানিয়েছে, মাউন্ট অর্জুনোর ঢালে নদীগুলোর পানি বৃহস্পতিবার তীরে উপচে পড়ে। এতে পূর্ব জাভা প্রদেশের শহর কোটা বাতুতে পাঁচটি গ্রাম প্লাবিত হয়। এর আগে নদীর পানিতে ১৫ জন ভেসে যাওয়ার খবর জানানো হয়। পরে তাদের মধ্যে থেকে পাঁচজনকে উদ্ধার করা হয়।
সংস্থাটির প্রধান গণিপ ওয়ারসিটো বলেন, লা নিনা আবহাওয়ার প্যাটার্নের কারণে ভারি বৃষ্টি অব্যাহত থাকবে।
বৃহস্পতিবার গভীর রাতে উদ্ধারকারীরা ব্রান্টাস নদীর অববাহিকার কাছে একটি মরদেহ উদ্ধার করে। শুক্রবার সকালে আরও চারটি মরদেহ পাওয়া গেছে বলে এক বিবৃতিতে জানায় সংস্থাটির ভারপ্রাপ্ত মুখপাত্র আবদুল মুহারি।
এখনো নিখোঁজদের খোঁজা হচ্ছে বলে জানান তিনি।



















