কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের সন্তান তরুণ চলচ্চিত্র নির্মাতা নুহাশ হুমায়ূনের নির্মিতব্য প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মুভিং বাংলাদেশ’। সিনেমাটি নির্মাণের জন্য তাইপে ফিল্ম ফান্ড থেকে ২৫ লাখ তাইওয়ান ডলার অনুদান পেয়েছে যা বাংলাদেশী মুদ্রায় ৭৬ লাখ টাকা।
এই অনুদানের মাধ্যমে টিফকম নির্বাচিত প্রকল্পটি তার বাজেটের একটা অংশ উঠে আসছে। বাকি অংশটুকু টোকিও থেকে তোলার লক্ষ্য রয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যম ভ্যারাইটি এ তথ্য প্রকাশ করেছে। পত্রিকাটি জানায়, চলচ্চিত্রটির নির্মাণ বাজেট ধরা হয়েছে প্রায় ৬ কোটি টাকা।
টোকিও আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে সিনেমার বাজার সম্প্রসারণ। পাশাপাশি চলচ্চিত্র তৈরির প্রক্রিয়া এবং বিপণনে জাপানি ও বিদেশের নির্মাতাদের প্রয়োজনীয় সহযোগিতা দেয়া। মূল চলচ্চিত্র উৎসবের পাশাপাশি ভিন্ন এ আয়োজন প্রতি বছরই চলে আসছে। সংক্ষেপে এটি পরিচিত টিফকম নামে।
টোকিওর আগে ‘মুভিং বাংলাদেশ’ ভারতের ফিল্ম বাজারসহ প্রযোজনা বাজারে অংশগ্রহণ করেছিল এবং সেখান থেকে কান ফিল্ম মার্কেটে পিচ করার জন্য সাতটি শীর্ষ প্রকল্পের মধ্যে একটি হিসেবে নির্বাচিত হয়েছিল। এটি লোকার্নোর ওপেন ডোরস উদ্যোগেরও অংশ ছিল এবং লস অ্যাঞ্জলেসের ফিল্ম ইনডিপেনডেন্ট প্রযোজনা ল্যাবের জন্যও নির্বাচিত হয়েছে।
এ বিষয়ে নুহাশ হুমায়ূন বলেন, ‘আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি মুভিং বাংলাদেশকে বিশ্বের কাছে উপস্থাপনের যোগ্য করে তোলার জন্য। এটি খুব আশ্চর্যজনক যে বাংলাদেশে এবং এর বাইরেও অনেক লোক এ প্রকল্পে আস্থা রাখে।’ চলচ্চিত্রটির প্রযোজক বিজন ইমতিয়াজ বলেন, ‘স্টার্টআপের ঘটনাটি একটি বিশ্ব সংস্কৃতিতে পরিণত হয়েছে এবং বাংলাদেশে তরুণরা ব্যবসা শুরু করেছে। এ নতুন স্বাভাবিক সময়ে তাদের জীবন পরিবর্তন করেছে। মুভিং বাংলাদেশ হলো রাইড শেয়ারিং একটি অ্যাপের দুর্দান্ত স্টার্টআপের সাফল্যের গল্প। এটি অবশ্যই বিশ্বব্যাপী, বিশেষ করে এশিয়ার দর্শকদের সঙ্গে অনুরণিত হবে।’